মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০২:০৯ পিএম
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে গোলরক্ষকদের অযথা সময় নষ্ট করা এবং চিকিৎসার অজুহাতে কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নেওয়ার প্রবণতা ঠেকাতে কঠোর নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) অনুমোদন দেওয়ার পর ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ (ইএফএল), ন্যাশনাল লিগ, উইমেন’স সুপার লিগ ও প্রো রেফ যৌথভাবে জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুম থেকে পরীক্ষামূলকভাবে এই নিয়ম কার্যকর করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচে গোলরক্ষকের চিকিৎসার কারণে খেলা বন্ধ হলে খেলা পুনরায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দলকে একজন আউটফিল্ড খেলোয়াড়কে অন্তত এক মিনিটের জন্য মাঠের বাইরে রাখতে হবে। অর্থাৎ, গোলরক্ষকের চিকিৎসার মূল্য হিসেবে দলকে এক মিনিট ১০ জন নিয়ে খেলতে হবে।
আইএফএবি জানিয়েছে, আউটফিল্ড খেলোয়াড়দের ক্ষেত্রে চিকিৎসার পর এক মিনিট মাঠের বাইরে থাকার যে নিয়ম রয়েছে, গোলরক্ষকদের ক্ষেত্রেও একই ধরনের ধারাবাহিকতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইংলিশ ফুটবলে প্রতিপক্ষের কোনো সংস্পর্শ ছাড়াই গোলরক্ষকদের ঘনঘন মাঠে শুয়ে পড়ে চিকিৎসা নেওয়ার ঘটনা বেড়ে যায়। এতে খেলার গতি ব্যাহত হওয়ার পাশাপাশি দলগুলো ট্যাকটিক্যাল সুবিধাও পেয়ে আসছিল। বিষয়টি নিয়ে সমর্থক, বিশ্লেষক এবং কোচদের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
গত মৌসুমে ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের ম্যাচে গোলরক্ষক ডেভিড রায়ার বারবার চিকিৎসা নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রাইটনের কোচ ফাবিয়ান হার্টসেলার। একইভাবে গোলরক্ষকদের সময়ক্ষেপণের কৌশল নিয়ে বিভিন্ন সময় সমালোচনা করেছেন একাধিক কোচ।
তবে নতুন নিয়মে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। প্রতিপক্ষের ফাউলে গোলরক্ষক আহত হলে, একই সময়ে অন্য কোনো খেলোয়াড়ের গুরুতর চোট বা রক্তপাতের ঘটনা ঘটলে কিংবা লাল বা হলুদ কার্ডযোগ্য শারীরিক সংঘর্ষের কারণে খেলা বন্ধ হলে এই নিয়ম প্রযোজ্য হবে না।
সময়ক্ষেপণ কমাতে আরও কয়েকটি নতুন নিয়মও চালু হচ্ছে। বিলম্বিত থ্রো-ইন ও গোল কিকের ক্ষেত্রে পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন চালু করা হবে। এছাড়া বদলি হওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে।
আগামী ১ আগস্ট লিগ কাপের উদ্বোধনী ম্যাচ থেকেই এসব নতুন নিয়ম পরীক্ষামূলকভাবে মাঠে দেখা যাবে।
আরটিভি/এসকে