মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৫:৪৯ পিএম
গ্লাসগোয় ১০০ মিটার ফ্রিস্টাইলের পর, ৫০ মিটার বাটারফ্লাইয়েও ব্যর্থ হয়েছেন সামিউল ইসলাম রাফি। মালয়েশিয়া ওপেনের টাইমিং ছাপিয়ে গেলেও, এবার হিট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের এই সাঁতারু।
মঙ্গলবার (২৮ জুলাই) টলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টারে ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে রাফি ২৫ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৩৬তম।
এই ইভেন্টের সেমিফাইনালে ওঠা ১৬ সাঁতারুর মধ্যে সবশেষ জন নর্দার্ন আয়ারল্যান্ডের ম্যাথু হ্যামিল্টন; তার টাইমিং ২৪ দশমিক ২৫ সেকেন্ড।
ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস স্বীকৃত প্রতিযোগিতায় রাফির সেরা টাইমিং ২৬ দশমিক ০১ সেকেন্ড। গত বছর এপ্রিলে মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপে এই টাইমিং করেছিলেন তিনি।
গত বছর জাতীয় সাঁতারে এই ইভেন্টে ২৫ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে ২০২২ সালে মাহামুদুন্নবী নাহিদের গড়া রেকর্ড ভেঙেছিলেন রাফি।
গ্লাসগোয় এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলের হিট থেকে রাফি বিদায় নেন ৫২ দশমিক ৪৯ সেকেন্ড টাইমিং করে। ৬৭ জনের মধ্যে ৪০তম হন ২১ বছর বয়সী এই সাঁতারু।
আরটিভি/এসআর