images

খেলা / ক্রিকেট

বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১০:০৭ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সভা আজ (বুধবার) দুপুর ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় দলের নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন, কোচিং স্টাফের ভবিষ্যৎ, ক্রিকেটারদের ইনজুরি ব্যবস্থাপনা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন এবং ভারতের বাংলাদেশ সফরসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এ সভার আলোচ্যসূচিতে রয়েছে।

সভার সবচেয়ে আলোচিত বিষয় হতে পারে জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব। বিসিবির অভ্যন্তরীণ আলোচনায় বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সভা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে লিটন দাসের সাম্প্রতিক ইনজুরিও আলোচনায় রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ে সফরে গেলেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি তিনি। পরে দেশে ফিরে আসেন এবং সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টেও তাকে পাওয়া যাচ্ছে না। তার ইনজুরি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠায় বিসিবির মেডিকেল বিভাগের কার্যক্রমও বোর্ড সভায় পর্যালোচনার আওতায় আসতে পারে।

শুধু লিটন নন, সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেটারের ইনজুরি ব্যবস্থাপনা নিয়েও সমালোচনার মুখে পড়েছে বিসিবির মেডিকেল বিভাগ। চোট নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা এবং খেলোয়াড়দের মাঠে ফেরানোর সময় নির্ধারণে সমন্বয়ের ঘাটতির অভিযোগ রয়েছে। এ কারণে বিভাগটির কার্যক্রমে পরিবর্তন বা সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে।

জাতীয় দলের কোচিং স্টাফ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও পেস বোলিং কোচ তালহা জুবায়েরের দায়িত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বিদেশি কোচ নিয়োগের বিষয়টিও পরিচালনা পর্ষদের আলোচনায় থাকতে পারে।

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও রয়েছে অনিশ্চয়তা। চলতি বছর টুর্নামেন্ট আয়োজন করা হবে কি না, আয়োজন হলে কী ধরনের কাঠামোয় হবে এবং সূচি ও সার্বিক পরিকল্পনা কী হবে এসব বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

এ ছাড়া ভারতের বাংলাদেশ সফরের অগ্রগতি নিয়েও আলোচনা হবে। দুই দেশের ক্রিকেট বোর্ড সফর আয়োজনের বিষয়ে ইতিবাচক থাকলেও প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হবে। পাশাপাশি সম্ভাব্য সূচি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বোর্ড সভার এজেন্ডায় আরও রয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতার নাম পরিবর্তনের প্রস্তাব, দেশের বিভিন্ন ক্রিকেট ভেন্যুর অবকাঠামো উন্নয়ন, গ্রাউন্ডস ফ্যাসিলিটি আধুনিকায়ন এবং বাংলাদেশ দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়।

আরও পড়ুন
MESSI

হলিউডের শুটিং সেটে মেসির জন্য বদলে যায় সব নিয়ম, শেষ হলে একটাই শব্দ ‘ভামোস’

সব মিলিয়ে আজকের বিসিবি পরিচালনা পর্ষদের সভা বাংলাদেশের ক্রিকেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথ খুলে দিতে পারে। বিশেষ করে ওয়ানডে অধিনায়কত্ব, মেডিকেল বিভাগের জবাবদিহি এবং বিপিএলের ভবিষ্যৎ নিয়ে সভা শেষে ঘোষিত সিদ্ধান্তের দিকে থাকবে ক্রিকেটাঙ্গনের সবার নজর।

আরটিভি/এসকে