বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৯:৫৩ পিএম
জিম্বাবুয়ে হতাশাজনক পারফরম্যান্সের জেরে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে সমালোচনা হলেও সমঝোতার ভিত্তিতেই মিরাজকে সরিয়ে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বুধবার (২৯ জুলাই) বোর্ড সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
তামিম বলেন, মিরাজের সঙ্গে আমার কথা হয়েছে। সে ব্যাপারটা বুঝতে পেরেছে। আমাদের যে প্রক্রিয়টা অনুসরণ করা উচিত ছিল সেটা করেছি। আমি তাকে ব্যাখ্যা করেছি, সে আমাকে ব্যাখ্যা করেছে। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আবারও বলছি মিরাজের জন্য আমার পূর্ণ সম্মান আছে। মিরাজ আগামীতে আবারও নেতৃত্ব পেতে পারে।
সাবেক এই বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, আমি নিশ্চিত সে নেতৃত্ব পাবে। অল্প সময়ের মধ্যে সে বাংলাদেশকে যে সার্ভিস দিয়েছে সেটার জন্য তাকে সাধুবাদ জানাই। তার যতটুকু সামর্থ্য ছিল পুরোটাই দিয়েছে। তার জন্য আমাদের পক্ষ থেকে ভালোবাসা ও পূর্ণ সম্মান রয়েছে।
অধিনায়ক হিসেবে মিরাজের যাত্রাটা অনেকটা অম্ল -মধুর। শ্রীলঙ্কা-আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে নিজের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন মিরাজ। এরপর ধীরে ধীরে মিরাজের দল ছন্দ পেতে শুরু করে।
মিরাজের নেতৃত্বে ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে সিরিজ হারায় বাংলাদেশ। অধিনায়ক মিরাজের সবচেয়ে বড় অর্জনটি আসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজে। প্রথমবারের মতো অজিদের সিরিজ হারায় টাইগাররা।
তবে অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর জিম্বাবুয়ের মাটিতে সিরিজ হারার পরপরই অধিনায়কত্ব হারালেন এই অলরাউন্ডার। সব মিলিয়ে ২৪ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ১০ ম্যাচে জয় পেয়েছেন মিরাজ, হেরেছেন ১৩ টিতে। বাকি একটি ম্যাচ হয়েছে টাই।
অধিনায়ক মিরাজের পাশাপাশি ক্রিকেট বোর্ড আলাদাভাবে মূল্যায়ন করেছে খেলোয়াড় মিরাজকেও। অধিনায়কত্বের চাপ মিরাজের পারফরম্যান্সে প্রভাব ফেলে থাকতে পারে বলে মনে করেব বিসিবি সভাপতি।
মিরাজ নিজের সামর্থ্য ও ক্রিকেট বোর্ডের প্রত্যাশা অনুযায়ী ব্যাট হাতে পারফর্ম করতে পারছেন না বলেও মনে করেন তামিম। চাপমুক্ত হয়ে মিরাজ ব্যাট-বল দুই ভূমিকাতেই ছন্দে ফিরবেন বলে প্রত্যাশা তার।
এ প্রসঙ্গে তামিম বলেন, এটা বলাটা খুবই জরুরি। মিরাজ খুবই সফল একজন অধিনায়ক। আপনি যদি গত পাঁচটা সিরিজ দেখেন চারটা সিরিজ সে জিতেছে। সে দারুণ করেছে। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি অন্য যেকোনো কিছুর চেয়ে মিরাজ একজন ক্রিকেটার হিসেবে বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মিরাজকে একজন পারফর্মার হিসেবে যেভাবে দেখতে অভ্যস্ত খুব সম্ভবত ওই পর্যায়ে আমরা দেখছি না। এটা বলছি না যে সে পারফর্ম করছে না। যেটাতে আমরা অভ্যস্ত ওই জায়গাতে দেখছি না। বিশেষ করে ব্যাটিংয়ে। বোলিংয়ে এখনো খুব ভালো করছে। সে যত তাড়াতাড়ি ছন্দে ফিরবে বাংলাদেশ তত বেশি উপকৃত হবে।
আরটিভি/এসআর