বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৯:২৮ এএম
বিশ্বকাপে ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ-সংক্রান্ত রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও দলের কয়েকজন খেলোয়াড়-কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গের কার্যক্রম শুরু করেছে ফিফা।
ফিফার অভিযোগপত্র অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের জয়ের পর উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘Las Malvinas son Argentinas’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। ফিফার শৃঙ্খলা বিধির ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ফুটবলকে রাজনৈতিক বা অ-ক্রীড়াসংক্রান্ত বার্তা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ। এ কারণেই ঘটনাটি তদন্তের আওতায় আনা হয়েছে।
শুধু ব্যানার প্রদর্শনই নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, নির্ধারিত সময়ের পরে ম্যাচ শুরু, ম্যাচ ও নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন, অনুপযুক্ত বার্তা প্রদর্শন এবং দর্শকদের বস্তু নিক্ষেপের ঘটনাসহ একাধিক অভিযোগও এনেছে ফিফা।
অন্যদিকে, স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনাও তদন্ত করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
এই ঘটনার জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে তিনটি হামলার অভিযোগ আনা হয়েছে। ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বিরুদ্ধে দুটি হামলার অভিযোগের পাশাপাশি অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে। এছাড়া সহকারী কোচ রবার্তো আয়ালা হামলার অভিযোগে এবং বদলি বেঞ্চে থাকা থিয়াগো আলমাদা অসৌজন্যমূলক আচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। একই অভিযোগ আনা হয়েছে স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও।
ফিফা জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য পর্যালোচনার পর শৃঙ্খলা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।
আরটিভি/এসকে