images

খেলা / ফুটবল

বিশ্বকাপজয়ী রুল্লিকে দলে ভেড়াতে আগ্রহী ম্যানচেস্টার সিটি

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১০:২২ এএম

নতুন মৌসুমকে সামনে রেখে গোলরক্ষক বিভাগে শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে ম্যানচেস্টার সিটি। সেই লক্ষ্যেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য জেরোনিমো রুল্লিকে দলে টানতে আগ্রহ দেখাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, সিটির সম্ভাব্য গোলরক্ষক তালিকায় বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন অলিম্পিক মার্সেইয়ের এই অভিজ্ঞ তারকা।

জেমস ট্র্যাফোর্ডের লিডস ইউনাইটেডে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তার বিকল্প খুঁজছে ম্যানচেস্টার সিটি। ক্লাবটির পরিকল্পনা অনুযায়ী, রুল্লিকে প্রথম একাদশের গোলরক্ষক হিসেবে নয়, বরং দলে অভিজ্ঞ ব্যাকআপ হিসেবে অন্তর্ভুক্ত করতে চায় তারা।

নতুন প্রধান কোচ এনজো মারেস্কা গোলরক্ষক বিভাগে আরও গভীরতা আনতে চান। তার পরিকল্পনায় জিয়ানলুইজি দোন্নারুম্মা থাকবেন প্রথম পছন্দের গোলরক্ষক। আর তার বিকল্প হিসেবে বড় ম্যাচের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য একজন গোলরক্ষক রাখতে চান তিনি। সেই বিবেচনায় রুল্লির অভিজ্ঞতাই তাকে সিটির আগ্রহের কেন্দ্রে নিয়ে এসেছে।

৩৪ বছর বয়সী রুল্লি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। এছাড়া ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা দলের স্কোয়াডেও জায়গা পান তিনি। যদিও দুই টুর্নামেন্টেই এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের ছায়ায় থাকতে হয়েছে, তবুও জাতীয় দলের দীর্ঘদিনের সদস্য হিসেবে আন্তর্জাতিক ফুটবলে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ।

এর আগে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন ইনজুরিতে পড়ার পর রুল্লির নাম সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত তিনি মার্সেইয়েই থেকে যান। এবার ম্যানচেস্টার সিটির আগ্রহ তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।

আরও পড়ুন
messi

বিশ্রাম শেষে অনুশীলনে ফিরলেন মেসি

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নতুন মৌসুমে ফরাসি লিগ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে জেরোনিমো রুল্লিকে। এখন দেখার বিষয়, এনজো মারেস্কার অধীনে নতুন যুগে ম্যানচেস্টার সিটির স্কোয়াডে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেন কি না এই আর্জেন্টাইন গোলরক্ষক।

আরটিভি/এসকে