বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০১:৫৩ পিএম
ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার জানান, এখনই বিদায় বলার উপযুক্ত সময়।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রাহানে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের হয়ে শেষ টেস্ট খেলেন। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেন। তিন সংস্করণ মিলিয়ে তার সংগ্রহ ৮ হাজার ৪১৪ রান। টেস্টে ৩৮.৪৬ গড়ে ৫ হাজার ৭৭ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি। ওয়ানডেতে ৩৫.২৬ গড়ে ২ হাজার ৯৬২ রান এবং তিনটি সেঞ্চুরি, আর টি-টোয়েন্টিতে করেন ৩৭৫ রান।
রাহানের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ায় ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হওয়ার পর এবং নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে গেলে নেতৃত্বের দায়িত্ব পান তিনি। এরপর মেলবোর্ন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন। শেষ পর্যন্ত গাব্বায় ঐতিহাসিক জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ভারত, যা দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচিত হয়।
ভারতের হয়ে ছয়টি টেস্টে অধিনায়কত্ব করে চারটিতে জয় এবং দুটি ম্যাচ ড্র করেন রাহানে।
অবসরের ঘোষণায় রাহানে বলেন, ব্যাটিংয়ে আমি সবসময় টাইমিংয়ের ওপর বিশ্বাস করেছি। আজ মনে হচ্ছে বিদায় বলার জন্যও এটাই সঠিক সময়। ছোটবেলায় ডোম্বিভলি থেকে অনুশীলনের জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া থেকে শুরু করে ভারতের জার্সি গায়ে খেলার স্বপ্ন এই খেলাকে আমি আমার সবটুকু দিয়েছি।
তিনি আরও বলেন, সবসময় দেশের স্বার্থ এবং দলের প্রয়োজনকে নিজের আগে রেখেছি। সততা নিয়েই ক্রিকেট খেলেছি। ভারতের হয়ে অধ্যায় শেষ হলেও ক্রিকেটের সঙ্গে আমার পথচলা থামছে না। আগামী প্রজন্মের ক্রিকেটারদের পাশে দাঁড়াতে চাই, খেলাটি আমাকে যা দিয়েছে, তা ফিরিয়ে দিতে চাই।
বিদেশের মাটিতে রাহানের পারফরম্যান্স ছিল বিশেষভাবে উজ্জ্বল। তার ১২টি টেস্ট সেঞ্চুরির মধ্যে আটটিই এসেছে দেশের বাইরে। ২০১৪ সালে ওয়েলিংটনে প্রথম টেস্ট সেঞ্চুরির পর একই বছর লর্ডসে শতক হাঁকিয়ে নিজেকে ভারতের নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেন। পরে মেলবোর্ন, কিংস্টন ও কলম্বোতেও সেঞ্চুরি করেন। এছাড়া ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়েন।
ওয়ানডেতে অভিষেক হয়েছিল টেস্টের আগেই। তবে প্রথম ওয়ানডে সেঞ্চুরি আসে ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে, যেখানে তিনি ১০৬ রানের ইনিংস খেলেছিলেন। ২০১৭-১৮ মৌসুমের পর ধারাবাহিকভাবে বড় ইনিংসের দেখা না পাওয়ায় ধীরে ধীরে জাতীয় দলের বাইরে চলে যান। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও এরপর আর মাত্র দুটি টেস্ট খেলার সুযোগ পান।
অবসরের আগে রাহানের সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে। গত দুই মৌসুমে দলটির নেতৃত্বও দেন তিনি। বর্তমানে ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিদায়ী বার্তায় রাহানে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, সতীর্থ, কোচ, আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, পরিবার এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরটিভি/এসকে