বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৪:২০ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২টি আসর মাঠে গড়ালেও বিতর্ককে পেছনে ফেলতে পারেনি বিসিবি। তাই এবার বিতর্ক এড়াতে জোড়াতালি দিয়ে টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল।
বুধবার (৩০ জুলাই) বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
বিসিব সভাপভি বলেন, বিপিএল আমি কেবল করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি ভালোভাবে করব। যেভাবে করা দরকার সেভাবে করব।
আইসিসির বোর্ড মিটিংয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেখভালের কমিটির প্রধান হয়েছেন তামিম ইকবাল। এ ব্যাপারে বলেন, ‘আইসিসির মিটিং ভালোই হয়েছে। ৯ জুলাই প্রথম ইনফরমাল মিটিংয়ে জয়েন করি। ১১-১২ জুলাই দুইদিন ফরমাল মিটিংয়ে জয়েন করি।
‘তারা আমাকে স্বাগত জানিয়েছে। আমি আমার স্পিচ দিয়েছি। আমার যেখানে কথা বলা দরকার ছিল সেখানে বলেছি। এটা আমার জন্য অনেক বড় গর্বের বিষয় এবং দেশের জন্যও প্রথম দিনেই আমাকে একটা কমিটির চেয়ারম্যান করা হয়েছে।’
তিনি বলেন, বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন লিগ চালু করছে। পুরো জিনিসকে দেখাশোনা করা, প্রসেস ঠিক আছে কিনা। এখন যে লিগ হচ্ছে, যে কাজ হওয়া উচিত না সেগুলো হচ্ছে কিনা। এসব দেখার জন্যই কমিটি বানানো হয়েছে। আরও কিছু কাজ আছে। অনেক জরুরি কমিটি। আন্তর্জাতিক ক্রিকেটেরও ব্যাপার আছে। এসব কমিটি সেসব আলোচনা করে সঠিক পদক্ষেপ নেবে।
আরটিভি/এসআর