বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৯:২৫ পিএম
আন্তর্জাতিক হকি থেকে বিদায় নিতে চেয়েছিলেন। তবে সেটা করতে চেয়েছিলেন জাতীয় দলের জার্সি গায়ে। এমন ইচ্ছার কথা জানানোর দিনেই তাকে সুখবর দিয়েছে হকি ফেডারেশন।
জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ হকি ফেডারেশনের অধীনে চলমান জাতীয় হকি ক্যাম্পে নতুন করে আরও ৬জন অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানেই ডাক পেয়েছেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি।
জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়ে উচ্ছ্বসিত জিমি। তিনি বলেছেন, ফেডারেশনে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে ক্যাম্পে ডাকার। আগের কমিটি আমাকে অন্যায়ভাবে বাদ দিয়েছিল। নতুন কমিটি ন্যায়বিচার দিচ্ছে আমাকে। আমিও ঠিক করেছি ক্যাম্পে যাবো। এরপর কোচ যদি যোগ্য মনে করেন, চূড়ান্ত স্কোয়াডে রাখবেন। অন্তত নিজেকে প্রমাণের সুযোগ তো পাচ্ছি, এটাই দারুণ খবর।
নবগঠিত সিলেকশন কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথম সিদ্ধান্ত হিসেবে এই ছয় খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন— আবু সাঈদ নিপ্পন, মো. নাইম উদ্দিন, মো. শিশির, পুস্কর খীসা মিমো, রাসেল মাহমুদ জিমি এবং শহিদুল হক সৈকত।
এশিয়ান গেমসের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে দেশের জন্য সেরা ফলাফল অর্জনের লক্ষ্যেই মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে এই খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফেডারেশনের আশা, নতুন খেলোয়াড়দের সংযোজনে চলমান ক্যাম্পে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে এবং খেলোয়াড়দের মনোবলও চাঙা হবে। আগামীকাল থেকেই এই ছয় খেলোয়াড় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান ক্যাম্পে যোগ দেবেন।
আরটিভি/এসআর