images

খেলা / ফুটবল

আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৭:৫১ পিএম

বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠে ঘটে যাওয়া সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস। ফিফার ডিসিপ্লিনারি কমিটির তদন্তে তার বিরুদ্ধে সর্বোচ্চ ৯ ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা তৈরি হয়েছে।

ফিফার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ম্যাচ-পরবর্তী উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্যারেদেস প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রতি অন্তত তিনবার আগ্রাসী আচরণ করেছেন। অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘ সময়ের জন্য জাতীয় দলের বাইরে থাকতে হতে পারে এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে।

তবে তদন্তের আওতায় রয়েছেন শুধু প্যারেদেসই নন। আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং দলের সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত চলছে।

অন্যদিকে, একই ঘটনায় স্পেনের তরুণ মিডফিল্ডার গাভিকেও অসংলগ্ন আচরণের অভিযোগে তদন্তের আওতায় এনেছে ফিফা।

এদিকে ফাইনালকে ঘিরে আরও কয়েকটি বিষয়ও খতিয়ে দেখছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তদন্তে নিরাপত্তা প্রটোকল ভঙ্গ, গ্যালারি থেকে বৈষম্যমূলক স্লোগান এবং মাঠে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ঘটনার জেরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

ফিফা জানিয়েছে, আর্জেন্টিনা ও স্পেন ফুটবল কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা, ম্যাচ কমিশনারের প্রতিবেদন এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলোর বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরও পড়ুন
india-cricket

দলে সুযোগ না পাওয়ায় ভারতীয় নারী ক্রিকেটারের আত্মহত্যা

যদি প্যারেদেসের বিরুদ্ধে সর্বোচ্চ ৯ ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর হয়, তবে ভবিষ্যতের আন্তর্জাতিক সূচিতে বড় ধাক্কা খেতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আরটিভি/এসকে