images

খেলা / ফুটবল

আবারও বিয়ের গুঞ্জনে রোনালদো-জর্জিনা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১০:৪৪ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্পেনের মায়োর্কায় ছুটি কাটানোর সময় দুজনকে একই ধরনের হীরার আংটি পরা অবস্থায় দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ে নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। 

এর আগে পর্তুগিজ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, আগামী ১ আগস্ট পর্তুগালের ঐতিহাসিক কুইন্তা দা রেগালেইরা প্রাসাদে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন রোনালদো ও জর্জিনা। খবরটি দ্রুত ভাইরাল হলেও পরে তাদের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রকাশিত নতুন প্রতিবেদনে জানানো হয়, এই সপ্তাহান্তে তাদের বিয়ে হচ্ছে না।

মায়োর্কায় ব্যক্তিগত ইয়টে ওঠার সময় রোনালদো ও জর্জিনার হাতে মিল থাকা ঝলমলে হীরার আংটি দেখা যায়। সেই ছবিই নতুন করে বিয়ের গুঞ্জনের জন্ম দেয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি এই তারকা জুটি।

রোনালদো-জর্জিনার বাগদান আগেই সম্পন্ন হয়েছে। গত বছর জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন পর্তুগিজ এই ফুটবল তারকা। পরে নিজের আংটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন জর্জিনা।

বিয়ের বিষয়ে এর আগে রোনালদো বলেছিলেন, আমি জর্জিনাকে বিয়ে করব, কারণ আমি বিশ্বাস করি সময়টা ঠিক হলেই সেটা হবে। শুধু সে আমার সন্তানদের মা বলেই নয়, বরং সে-ই সেই মানুষ, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি।

বিয়ের গুঞ্জনের মধ্যেই ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে সঙ্গে নিয়ে মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন রোনালদো। পালমা বিমানবন্দরে ভক্তদের সঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ দেওয়া এবং শিশু সমর্থকদের শুভেচ্ছা জানানোর পর পরিবারের সঙ্গে ব্যক্তিগত ইয়টে সময় কাটাতে দেখা যায় তাকে।

২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে কর্মরত অবস্থায় প্রথম পরিচয় হয় রোনালদো ও জর্জিনার। এরপর থেকেই তাদের সম্পর্কের শুরু। বর্তমানে পাঁচ সন্তানকে নিয়ে সুখী পারিবারিক জীবন কাটাচ্ছেন তারা। যদিও সব সন্তান জর্জিনার গর্ভে জন্ম নেয়নি, তবুও সবাইকে নিজের সন্তানের মতোই লালন-পালন করছেন তিনি।

আরও পড়ুন
ARGENTINA-ND-FIFA

ফিফার নতুন সিদ্ধান্তে চাপে আর্জেন্টিনা

সব মিলিয়ে দীর্ঘদিনের সম্পর্ক, বাগদান এবং একসঙ্গে সংসার জীবন বিয়ের সম্ভাবনার ইঙ্গিত দিলেও আপাতত কোনো আনুষ্ঠানিক তারিখ নিশ্চিত হয়নি। অন্যদিকে, খুব শিগগিরই আল নাসির প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা রয়েছে রোনালদোর। তাই এখনই বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। তবে মায়োর্কার ছুটি ও একই ধরনের হীরার আংটি ঘিরে বিশ্বের অন্যতম আলোচিত এই তারকা জুটিকে নিয়ে ভক্তদের কৌতূহল আবারও তুঙ্গে পৌঁছেছে।

আরটিভি/এসকে