images

খেলা / ফুটবল

ইউরোপ, উত্তর আমেরিকার পর এবার এশিয়ার তোপের মুখে ফিফা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১১:১১ পিএম

২০২৬ বিশ্বকাপ-পরবর্তী সময়ে নতুন বিতর্কে জড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির প্রস্তাবকে কেন্দ্র করে ইউরোপ ও উত্তর আমেরিকার পর এবার তীব্র আপত্তি জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, সংশ্লিষ্ট মহাদেশীয় সংস্থা ও সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়াই এমন গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা গ্রহণযোগ্য নয়। সংস্থাটি ফিফার এই উদ্যোগকে প্রশাসনিক দুর্বলতা ও সিদ্ধান্ত গ্রহণে অদক্ষতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে।

এএফসি বলেছে, বিশ্ব ফুটবলের ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব মহাদেশীয় ফুটবল সংস্থা, সদস্য দেশ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কমিটির মতামত নেওয়া উচিত ছিল। এ ধরনের একতরফা সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সংস্থাটি দ্রুত এই ভুল সংশোধনের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফিফা বিশ্বকাপ এবং ফুটবল বিশ্বের সব দেশের যৌথ সম্পদ। তাই এর ভবিষ্যৎ নির্ধারণে সব অংশীজনের মতামতকে সমান গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ফিফার প্রশাসন ও সিদ্ধান্ত গ্রহণকারী কমিটির কার্যক্রম পর্যালোচনারও দাবি জানিয়েছে এএফসি।

এদিকে, ফিফার বিতর্কিত প্রস্তাবের বিরোধিতা করে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রধান অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ অর্থনীতিবিদ কার্লোস কালদেইরো। তিনি বলেন, এই প্রস্তাব ফুটবলের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে বিশ্ব ফুটবলের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন
CR7

আবারও বিয়ের গুঞ্জনে রোনালদো-জর্জিনা

ফিফার এই প্রস্তাবকে ঘিরে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বিতর্ক ক্রমেই বাড়ছে। ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার আপত্তির পর সংস্থাটি পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রয়েছে ফুটবল বিশ্বের।

আরটিভি/এসকে