images

খেলা / ফুটবল

বিশ্বকাপ বিক্রির বিষয়ে ইনফান্তিনোর সঙ্গে কথা হয়েছে কিনা জানালেন ট্রাম্প

শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ০৪:৩৪ পিএম

ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুলুকের প্রধান হওয়ার পর থেকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। তাই  সম্প্রতি ফিফা বিশ্বকাপসহ তাদের ইভেন্টগুলো বেসরকারিকরণের পরিকল্পনায় ট্রাম্পের প্রভাব ছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

মার্কিন রাষ্ট্রপ্রধান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই পরিকল্পনায় তিনি ছিলেন না। শুক্রবার (৩১ জুলাই) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘না, আমি কখনও তার সঙ্গে বিশ্বকাপ স্বত্ব বিক্রি নিয়ে কথা বলিনি।

উন্নয়ন তহবিলকে বড় করতে বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ নিজেদের প্রধান ফুটবল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পরিকল্পনা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সর্বোচ্চ ২১ শতাংশ শেয়ার বিক্রি করা হবে বলে জানিয়েছিল ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)।
আরও পড়ুন
AFC

ইউরোপ, উত্তর আমেরিকার পর এবার এশিয়ার তোপের মুখে ফিফা

এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের ২১১টি সদস্য দেশকে প্রস্তাব দিয়েছিল ফিফা। ১৯ সেপ্টেম্বর এই প্রস্তাবের ব্যাপারে মতামত দেয়ার ডেডলাইন ছিল। চিঠি পাওয়া মাত্রই ইউরোপের দেশগুলো ফুসে উঠে। উয়েফা প্রস্তাব নাকচের পাশাপাশি বিশ্বকাপ বর্জনের হুমকি দেয়। 

উয়েফার পর ক্যারিবিয়ান, মধ্য ও উত্তর আমেরিকান অঞ্চলের কনফেডারেশন কনকাকাফও একই সিদ্ধান্ত নেয়। ৯৬ দেশের এমন অবস্থানের পর ফিফা একটি বিবৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করে ফুটবল বিশ্বকাপ স্বত্ব বিক্রি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে এবং মিডিয়ার অপপ্রচারকে দায়ী করে।

ফিফার অনুদানের ওপর মূলত নির্ভরশীল এশিয়া ও আফ্রিকা। এশিয়ান ফুটবল কনফেডারেশন যখন উয়েফা এবং কনকাফের সঙ্গে একমত পোষণ করে উদ্বেগ জানায়, তখন আর কিছু করার ছিল না ফিফা সভাপতি ইনফান্তিনোর। তাই এক বিবৃতিতে ফুটবল ঐক্যের স্লোগান দিয়ে নিজের প্রকল্প থেকে পিছু হটেছেন।

ইনফান্তিনোর এই প্রজেক্টে ফিফার সঙ্গে কনফেডারেশনের দূরত্ব হয়েছে। ফুটবল বিশ্ব দ্বিধা বিভক্ত। বিষয়টি অনুধাবন করে ইনফান্তিনো বলছেন, আগামী দিন ও সপ্তাহগুলোতে আমি সব সংশ্লিষ্ট পক্ষকে আবারও একত্রিত করার চেষ্টা করব। আমাদের সবার অভিন্ন স্বার্থ। ফুটবলকে কেন্দ্র করে একসঙ্গে কাজ করার মাধ্যমে বিশ্বের সর্বত্র, বিশেষ করে যেসব দেশে সহায়তার প্রয়োজন সবচেয়ে বেশি, সেখানে ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখাই হবে আমাদের লক্ষ্য।

আরটিভি/এসআর