images

খেলা / ক্রিকেট

ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও ইতিহাস গড়ে শিরোপা জয় গায়ানার

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ১১:১১ এএম

গ্লোবাল সুপার লিগের ফাইনালে ইতিহাস গড়ে শিরোপা জিতেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। শুরুতে ব্যাট করে মোটে ৮৫ রানে অলআউট হয় তারা। তবে প্রতিপক্ষ সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৭৯ রানে অলআউট করে শিরোপা জিতেছে ক্যারিবিয়ান লিগের দলটি। আর তাতেই ইতিহাস হয়ে যায়।

শনিবার (১ আগস্ট) শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের নবম ওভারের আগেই ৮ উইকেট হারিয়ে মাত্র ২৯ রানে ধুঁকছিল ওয়ারিয়র্স। পিটার সিডলের দারুণ বোলিংয়ে ভেঙে পড়ে দলটির শক্তিশালী টপ অর্ডার, যেখানে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও শিমরন হেটমায়ার এবং আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবির মতো নিয়মিত খেলোয়াড়রা।

সিডলের নিখুঁত লাইন-লেংথ এবং পিচ থেকে মুভমেন্ট সামলাতে পারেননি চার্লস, হেটমায়ার ও মোহাম্মদ হারিস। চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নিয়ে শেষ করেন তিনি। এই বোলিংয়ে মনে হচ্ছিল, ইউনিকর্নসের বড় জয় প্রায় নিশ্চিত।

আরও পড়ুন
LITy

অজিদের বিপক্ষে প্রথম টেস্টের আগে টাইগার শিবিরে বড় সুখবর

এরপরও গায়ানা ৮৫ রান করতে পেরেছে তাদের ৯ থেকে ১১ এই তিন ব্যাটারের কল্যাণে। ডোয়েন প্রিটোরিয়াস ১৭, ম্যাথিউ ফোর্ড ২৮ আর ইমরান তাহির করেন ১১ রান। 

জবাব দিতে নেমে তরুণ অস্ট্রেলিয়ান অলিভার পিকের ৩১ রানে ভর করে ভালো অবস্থানে ছিল সান ফ্রান্সিসকো। ২৮ রানে ৩ উইকেট হারালেও এরপর ৫০ রান তুলে নেয় নির্বিঘ্নেই। এরপরই শুরু হয় ধস। 

৫৩ থেকে ৫৮, এই ৫ রানে তারা খুইয়ে বসে ৫ উইকেট। শুরুতে বল হাতে গায়ানাকে বিপাকে ফেলা সিডল ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন। তবে তার ১৩ রানের অপরাজিত ইনিংসটি ব্যবধানই কমাতে পেরেছে কেবল, ওপাশে সঙ্গীর অভাবে ৭৯ রানে শেষ হয় সান ফ্রান্সিসকোর ইনিংস।

এদিকে গায়ানা ইতিহাস গড়ে ফেলে। যে কোনো পর্যায়ের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এটাই এখন আগে ব্যাট করে সর্বনিম্ন রান করে জেতার রেকর্ড। এর আগে এই রেকর্ডটা ছিল সিডনি সিক্সার্সের, ২০২০ সালের বিগ ব্যাশের ফাইনালে ১১৬ রান করেও জিতেছিল দলটি। 

একটা দিক থেকে গায়ানা প্রথম। টি-টোয়েন্টি ইতিহাসে কোনো টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের নিচে অলআউট হয়ে জিততে পারেনি কোনো দল, সে অভূতপূর্ব নজিরটি প্রথমবারের মতো গড়ে ফেলল গায়ানা।

আরটিভি/এসআর