images

খেলা / ফুটবল

যে দেশ থেকে বড় সমর্থন পেলেন ইনফান্তিনো

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ১১:৫৩ এএম

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই তার পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ফুটবল অ্যাসোসিয়েশন। নিজ অঞ্চল ইউরোপের বিভিন্ন ফুটবল সংস্থার সমালোচনার মুখে থাকা ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পুনরায় আস্থা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন। পাশাপাশি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর স্বার্থ রক্ষায় ফিফার নেওয়া ইতিবাচক উদ্যোগগুলোর প্রতিও সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।

সম্প্রতি ফিফা তাদের বিভিন্ন টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির প্রস্তাব থেকে সরে আসে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের মতে, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবলের ঐক্য ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবটি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ইউরোপের বিভিন্ন ফুটবল মহল এ পরিকল্পনার বিরোধিতা করে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়।

ইউএই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ানের নেতৃত্বাধীন সংস্থাটি এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত বিবৃতিতে জানায়, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়। তাদের ভাষ্য, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবল পরিবারের ঐক্য অক্ষুণ্ন রাখবে এবং ফুটবলের সার্বিক স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে ফুটবল সংশ্লিষ্ট যেকোনো নতুন প্রস্তাব গ্রহণের আগে খেলাটির উন্নয়ন, সমর্থকদের স্বার্থ এবং সংশ্লিষ্ট সব পক্ষের কল্যাণ বিবেচনায় রেখে সুচিন্তিত মূল্যায়ন করা উচিত।

আরও পড়ুন
ramos

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে, ইতিহাস গড়লেন কিকি রামোস

শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ান বলেন, আন্তর্জাতিক ফুটবলের উন্নয়ন এবং বিশ্ব ফুটবল পরিবারকে আরও ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে গৃহীত সব গঠনমূলক উদ্যোগ ও প্রস্তাবের প্রতি ইউএই ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতিও পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

আরটিভি/এসকে