সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৭:৩১ পিএম
বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭ মৌসুমে কমপক্ষে ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে তিনটি ক্লাবকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্লাবগুলো হলো— আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরাপুল ইয়ংমেনস ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।
সোমবার (৩ আগস্ট) বাফুফের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পোর্টিং র্যাঙ্কিং বা মেরিট ভিত্তিতে আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরাপুল ইয়ংমেনস ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে আসন্ন ফুটবল লীগে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই আমন্ত্রণ পেলেও শর্তমুক্ত থাকছে না ক্লাবগুলো।
এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, সংশ্লিষ্ট ক্লাবগুলোকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্লাব লাইসেন্সিং সংক্রান্ত সব শর্ত এবং কার্যনির্বাহী কমিটি কর্তৃক নির্ধারিত অন্যান্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত সফলভাবে পূরণ সাপেক্ষেই আসন্ন ঘরোয়া মৌসুমে তাদের চূড়ান্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ফুটবল লিগে প্রতিযোগিতামূলক পরিবেশ আরও শক্তিশালী করা এবং নির্ধারিত সংখ্যক দলের উপস্থিতি নিশ্চিত করতেই বাফুফে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরটিভি/এসআর