সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ১১:২০ পিএম
দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে (ইউএসএসএ) ৭ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার (৩ আগস্ট) প্রিটোরিয়াতে আলোক স্বল্পতার ম্যাচে ফল বাংলাদেশের পক্ষে আসে। আগে ব্যাটিং করতে নেমে ইউএসএসএ ৪৭ ওভারে ২৪৮ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ ৩৭ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান তুলে নেয়। আলোর স্বল্পতায় এরপর আর খেলা চালানো যায়নি। ডিএলএস মেথডে বাংলাদেশ এগিয়ে থাকায় ৭ উইকেটে জয় পায়।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৮০ রানে ৩ উইকেট হারায়। ওপেনার ও অধিনায়ক জাকির হাসান ১২ রানে এলবিডব্লিউ হন। ভালো শুরুর পর এগিয়ে এসে শট খেলতে গিয়ে শাহাদাত হোসেন দিপু ১৮ রানে বোল্ড হন।
আরেক ওপেনার মাহফুজুল এগিয়ে যাচ্ছিলেন ভালোভাবেই। কিন্তু হুট করে লাফিয়ে উঠা বলে নিজের ব্যাট সরাতে পারেননি তিনি। ৩৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন।
সেখান থেকে মাহিদুল ইসলাম অঙ্কন ও ইফতেখার হোসেন ইফতি জুটি বেঁধে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১০৬ রানের জুটি গড়েন তারা। বাঁহাতি ব্যাটসম্যান ইফতেখার হোসেন ইফতি ৮৫ বলে ৭১ রান করেন। মাহিদুল ইসলাম ৬৮ বলে করেন ৩৭ রান। তাতে সহজেই জয় চলে আসে।
বাংলাদেশের ইমার্জিং দলের জয়ের নায়ক পেসার ইকবাল হোসেন ইমন। ৪৩ রানে ৫ উইকেট নেন তিনি। তার বোলিং তোপে বেশিদূর যায়নি ইউএসএসএ-র ব্যাটিং। এছাড়া আরেক পেসার রহমান দৌলা বর্ষন ২টি এবং ১টি করে উইকেট নেন চৌধুরী রিজওয়ান ও আমিনুল ইসলাম বিপ্লব।
আরটিভি/এসআর