মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৬:৪৫ পিএম
জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসকে সামনে রেখে দীর্ঘদিন পর অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমিকে ক্যাম্পে ফিরিয়েছিল বাংলাদেশ হকি ফেডারেশন। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডেও জায়গা ধরে রেখেছেন এই অভিজ্ঞ খেলোয়াড়।
প্রথম পর্বের ৩৮ জন খেলোয়াড়ের মধ্য থেকে পারফরম্যান্স ও ফিটনেস যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে এই ২৪ জন খেলোয়াড়কে দ্বিতীয় পর্বের ক্যাম্পে রাখা হয়েছে।
ক্যাম্পের দ্বিতীয় পর্বে খেলোয়াড়দের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দক্ষতার ওপর বিশেষ জোর দেওয়া হবে। এই পর্বের অনুশীলন শেষে এশিয়ান গেমসের মূল স্কোয়াড চূড়ান্ত করা হবে।
ফেডারেশন সূত্রে জানা গেছে, ১০ আগস্ট ২০ জনে নামিয়ে আনা দল ১২ আগস্ট জার্মানি যাবে প্রস্তুতি ক্যাম্পের জন্য। সেখানে প্রায় এক মাস ক্যাম্প করবে পিটার গেরহার্ডের দল। এই সময়ে জার্মানির শীর্ষ ও দ্বিতীয় সারির দলের বিপক্ষে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
২৪ সদস্যে প্রাথমিক স্কোয়াড: বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম, মেহরাব হাসান, রোমান সরকার, ফজলে হোসেন, আবেদ উদ্দিন, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম, খালেদ মাহমুদ, পুষ্কর খীসা, আমান শরিফ, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান।
আরটিভি/এসআর