images

খেলা / ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ফিরেই ইতিহাসের দুয়ারে স্টার্ক

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৯:৫১ এএম

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে মাঠে ফিরেই নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ডারউইনে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে মাত্র একটি উইকেট পেলেই ভারতের কিংবদন্তি কপিল দেবকে স্পর্শ করবেন তিনি। আর সাতটি উইকেট শিকার করতে পারলে ছাড়িয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার সাবেক গতি তারকা ডেল স্টেইনকে। এতে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী পেসারদের তালিকায় পঞ্চম স্থানে উঠে আসবেন ৩৬ বছর বয়সী এই অজি তারকা।

আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে দীর্ঘ বিরতির পর লাল বলের ক্রিকেটে ফিরছেন স্টার্ক। ১০৫ টেস্টে তার সংগ্রহ ৪৩৩ উইকেট। অস্ট্রেলিয়া নতুন মৌসুম শুরু করছে পূর্ণশক্তির দল নিয়ে, যেখানে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডের সঙ্গে আক্রমণের নেতৃত্বে থাকবেন স্টার্কও।

গত বছর দুর্দান্ত ছন্দে ছিলেন এই বাঁহাতি পেসার। ১৭.৩২ গড়ে ৫৫টি টেস্ট উইকেট নিয়ে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল বোলার। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবারও বড় প্রত্যাশা রয়েছে তাকে ঘিরে।

অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে স্টার্ক জানিয়েছেন, বয়স নয়, মানসিকতার পরিবর্তনই তাকে আরও পরিণত করেছে। আমার মনে হয় আমি এখন খারাপ সময়গুলো দ্রুত পেছনে ফেলে এগিয়ে যেতে শিখেছি। আপনি যতটা ভালো ভাবেন, ততটা ভালো নন। আবার যতটা খারাপ মনে হয়, ততটাও নন, বলেন স্টার্ক।

তিনি আরও বলেন, এখনও খারাপ বল করলে বিরক্ত হই। কিন্তু আমাদের দলে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও অধিনায়ক প্যাট কামিন্স সবসময় শেখান, যা হয়ে গেছে তা নিয়ে পড়ে থাকলে লাভ নেই। সামনে কীভাবে ভালো করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ।

স্টার্কের মতে, দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টিকে থাকার মূল রহস্য নিজেকে প্রতিনিয়ত বদলে নেওয়া। ওব্লিক সিম, ধারাবাহিক লাইন-লেন্থ এবং পরিষ্কার মানসিকতা এই তিনটি দিক তার বোলিংকে আরও কার্যকর করেছে।

রেকর্ডের খুব বেশি গুরুত্ব দিতে চান না বলেও জানিয়েছেন তিনি। রেকর্ডের কথা উঠছে মানেই আমি অনেক দিন ধরে খেলছি। কিংবদন্তিদের সঙ্গে নিজের নাম শুনতে অবশ্যই ভালো লাগে। তবে মাঠে থাকাকালীন এসব নিয়ে বেশি ভাবতে চাই না। আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই, বলেন স্টার্ক।

আরও পড়ুন
NOORA

মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন নোরা ফাতেহি 

বাংলাদেশের বিপক্ষে সিরিজেই যদি স্টেইনকে ছাড়িয়ে যেতে পারেন, তাহলে সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিদের শীর্ষ দশেও জায়গা করে নেবেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ পেসার।

আরটিভি/এসকে