বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০১:১৯ পিএম
পেশাদার রেসলিংকে বিদায় জানালেন কিংবদন্তি ব্রক লেসনার। ডব্লিউডব্লিউইর ১০ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও সাবেক ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার ‘দ্য প্যাট ম্যাকাফি শো’তে উপস্থিত হয়ে ৪৯ বছর বয়সী লেসনার জানান, গত শনিবার ডব্লিউডব্লিউই সামারস্লামে ওবা ফেমির বিপক্ষে ‘হেল ইন আ সেল’ ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ লড়াই।
অবসরের ঘোষণা দিয়ে লেসনার বলেন, আমি আজ বিশ্বকে জানাতে এসেছি, আমি অবসর নিয়েছি। শনিবারের দিনটি আমার জন্য খুব আবেগের ছিল। রেসলিং রিং কিংবা অন্য কোথাও, আমার জন্য এখানেই শেষ।
চলতি বছরের রেসলম্যানিয়ার পর থেকেই লেসনারের অবসর নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। ওবা ফেমির কাছে হারের পর রিংয়ে নিজের বুট ও গ্লাভস খুলে রেখে চলে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন, এটাই তার শেষ উপস্থিতি। তবে শেষবারের মতো রিংয়ে ফেরার সিদ্ধান্ত নেন ‘দ্য বিস্ট ইনকারনেট’। নিজের শহর মিনিয়াপোলিসে অনুষ্ঠিত সামারস্লামেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
পেশাদার রেসলিংয়ে আসার আগে অপেশাদার রেসলিংয়েও দারুণ সফল ছিলেন লেসনার। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের হয়ে ২০০০ সালে এনসিএএ ডিভিশন-১ জাতীয় চ্যাম্পিয়ন হন। এছাড়া দুইবার অল-আমেরিকান ও দুইবার বিগ টেন চ্যাম্পিয়নের কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে।
২০০২ সালে ডব্লিউডব্লিউইতে অভিষেকের পর অল্প সময়েই সুপারস্টারে পরিণত হন লেসনার। একই বছর দ্য রককে হারিয়ে মাত্র ২৫ বছর বয়সে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হন। ক্যারিয়ারে মোট ১০টি বিশ্ব শিরোপা জয়ের পাশাপাশি দুইবার রয়্যাল রাম্বল, ২০০২ সালের কিং অব দ্য রিং এবং ২০১৯ সালের মানি ইন দ্য ব্যাংক জয়ের কৃতিত্বও অর্জন করেন তিনি।
তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি ছিল ২০১৪ সালের রেসলম্যানিয়ায় দ্য আন্ডারটেকারের টানা ২১ ম্যাচের অপরাজিত রেকর্ড ভেঙে দেওয়া।
রেসলিংয়ের বাইরে মিশ্র মার্শাল আর্টেও সফল ছিলেন লেসনার। ২০০৭ সালে ইউএফসিতে নাম লেখানোর পর মাত্র চতুর্থ লড়াইয়েই র্যান্ডি কুতুরকে হারিয়ে হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। ২০১৬ সালে ইউএফসি ২০০-তে মার্ক হান্টের বিপক্ষে লড়াই ছিল তার শেষ এমএমএ ম্যাচ।
বিদায়বেলায় নিজের পথচলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে লেসনার বলেন, আমি সাউথ ডাকোটার এক কৃষক পরিবারের ছেলে ছিলাম। আমার বড় স্বপ্ন ছিল এবং আমি শুধু পরিশ্রম করে গেছি। এই জীবনে যা করতে পেরেছি, তার জন্য আমি কৃতজ্ঞ।
এনসিএএ চ্যাম্পিয়ন, ডব্লিউডব্লিউইর ১০ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন সব পরিচয়ের ইতি টেনে লড়াইয়ের মঞ্চকে বিদায় জানালেন ব্রক লেসনার। তার বিদায়ে শেষ হলো রেসলিং ইতিহাসের অন্যতম সফল এক অধ্যায়ের।
আরটিভি/এসকে