বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০১:৩৯ পিএম
দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লিকে ঘিরে চলা প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রীতির সঙ্গে তার সম্পর্ক কখনোই বন্ধুত্বের বাইরে যায়নি।
সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, তিনি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। প্রীতি জিনতার প্রসঙ্গ টেনে তিনি জানান, তখন যেমন তাদের বন্ধুত্ব ছিল, এখনও তেমনই রয়েছে। তিনি প্রীতিকে একজন অত্যন্ত বুদ্ধিমতী ও সম্মানিত মানুষ হিসেবে উল্লেখ করেন।
ব্রেট লির ভাষ্য, সত্যটা জানতেন বলেই তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনে তিনি কখনো গুরুত্ব দেননি। এসব খবরকে নিজের মানসিক শান্তিতে প্রভাব ফেলতেও দেননি বলে জানান সাবেক এই পেসার।
২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে ব্রেট লি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন। সে সময় দলটির সহ-মালিক ছিলেন প্রীতি জিনতা। বিভিন্ন অনুষ্ঠানে এবং একবার মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে সেই সময়ও প্রীতি জিনতা সামাজিক মাধ্যমে পরিষ্কার করে জানিয়েছিলেন, ব্রেট লির সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের। প্রতি বছর আইপিএল এলেই তাদের প্রেমের গুঞ্জন নতুন করে ছড়ানোকে তিনি ‘পুরোনো গল্প’ বলেও মন্তব্য করেছিলেন।
ব্যক্তিগত জীবনে ব্রেট লি বর্তমানে স্ত্রী লানা অ্যান্ডারসনের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং দুই সন্তানের বাবা। অন্যদিকে, প্রীতি জিনতা স্বামী জিন গুডএনাফের সঙ্গে সংসার করছেন।
এদিকে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা। রাজকুমার সন্তোষীর নতুন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এ তাকে দেখা যাবে সানি দেওল ও শাবানা আজমির সঙ্গে। এছাড়া কুণাল খেমুর পরিচালনায় ‘ভাইব’ শিরোনামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি।
সব মিলিয়ে বহুদিনের প্রেমের গুঞ্জনে ইতি টেনে ব্রেট লি জানিয়ে দিলেন, প্রীতি জিনতার সঙ্গে তার সম্পর্ক শুধুই সম্মান ও বন্ধুত্বের।
আরটিভি/এসকে