images

খেলা / ফুটবল

খেলা চলাকালে বজ্রপাতে ফুটবলারের মর্মান্তিক মৃত্যু

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৫:১৫ পিএম

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রপাতে এক ফুটবলারের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১২ জন ফুটবলার।  

গতকাল মঙ্গলবার গোলক এফএ কাপ নামে স্থানীয় একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিন নামের দুটি দল। থাইল্যান্ড ও মালয়েশিয়ার অপেশাদার খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের ম্যাচটা যখন চলছিল, তখন আকাশ ভেঙে নামে প্রবল মৌসুমি বৃষ্টি।

 ম্যাচের একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে মাঠে বজ্রপাত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তীব্র আলোর ঝলকানিতে মাঠের একটি অংশ কেঁপে ওঠে। ঠিক এর পরপরই মাঠের বেশ কয়েকজন খেলোয়াড় লুটিয়ে পড়েন।ৎ]

আরও পড়ুন
NEYMAR

জয়ের পর প্রতিপক্ষের কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বজ্রপাতে উইঙ্গার সফওয়ান আওয়ায়ে মারাত্মকভাবে দগ্ধ হন। ২৪ বছর বয়সী এই তরুণ উইঙ্গার স্যামকোল্টসের হয়ে খেলতে নেমেছিলেন। সম্প্রতি তিনি থাইল্যান্ডের তৃতীয় বিভাগের পেশাদার ক্লাব ইয়ালা এফসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন।  

ঘটনার পরপরই স্যামকোল্টসের সতীর্থরা আওয়ায়েকে বাঁচাতে ছুটে যান। তাকে চিত করে শুইয়ে দিয়ে বুকে চাপ দিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার প্রাণপণ চেষ্টা চালান তারা। স্থানীয় পুলিশ প্রধান থুন সিরিখুন্তের বরাতে মালয়েশিয়ান সংবাদ সংস্থা বারনামা জানায়, জরুরি চিকিৎসাসেবা দল আওয়ায়েকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন।

পুলিশ জানিয়েছে, আহত সবাইকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ায়েকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছে ইয়ালা এফসি। 

ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছে, আমাদের নতুন খেলোয়াড় সফওয়ান আওয়ায়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।  
থাইল্যান্ডে বজ্রপাতে প্রাণহানির ঘটনা নতুন কিছু নয়। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্যানুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সারা দেশে অন্তত ২৮৩ জন বজ্রপাতের শিকার হয়েছেন, যাদের একটি বড় অংশই ঘটনাস্থলে মারা যান।

আরটিভি/এসআর