বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ১১:৫১ এএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ম্যান ইন গ্রিনরা। ক্যারিবিয়ানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ ড্র করেছে বাবর বাহিনী। সেই সঙ্গে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতল পাকিস্তান।
দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিবীয়দের ১১৭ রানেই গুটিয়ে দিয়ে সফরকারীরা মাত্র ৭৫ রানের লক্ষ্য পায়। ৮ উইকেট হাতে রেখেই পাওয়া জয়ে ১-১ সমতা টানল পাকিস্তান।
এর আগে বিদেশের মাটিতে পাকিস্তানের সবশেষ টেস্ট জয় ছিল ২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে, তখনও দলের অধিনায়ক ছিলেন বাবর আজম। গত মাসে তিনি আবারও টেস্ট দলের নেতৃত্বে ফেরেন। তার অধীনে বিদেশের মাটিতে টানা আট টেস্ট হারের ধারাও ভেঙেছে পাকিস্তান।
স্পিনারদের দাপুটে পারফরম্যান্স ছাড়াও এই জয়ের ভিত্তি গড়ে দেন আবদুল্লাহ শফিক। প্রথম ইনিংসে অপরাজিত ১৬০ রানের ইনিংস খেলে ১৯৭৭ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে ১৫০ রানের বেশি করা প্রথম পাকিস্তানি ব্যাটার হন তিনি।
তার ইনিংসে ভর করে পাকিস্তান প্রথম ইনিংসে ৩৮৭ রান তোলে এবং ৪৩ রানের লিড নেয়। সেটাই বড় হয়ে উঠল স্পিনার সাজিদ-উসমানের সমান ৪টি করে উইকেট শিকারে। তৃতীয় দিনের খেলা শেষে অফস্পিনার সাজিদ খান চার উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে (১০৩/৬) চাপে ফেলে দেন।
চতুর্থ দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বাকি ইনিংসও গুটিয়ে দেন বাঁ-হাতি স্পিনার উসমান। ফলে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৭৫ রান।
লক্ষ্য তাড়ায় শুরুতেই ইমাম-উল-হক ও আজান আওয়াইস আউট হলেও শফিক ও বাবর দলকে স্থিরতা এনে দেন। মধ্যাহ্ন বিরতির পর জোমেল ওয়ারিকানের টানা দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন বাবর।
আরটিভি/এসআর