images

খেলা / ক্রিকেট

পোলার্ডকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাটলার

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৬:১৩ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকে পেছনে ফেলে এই সংস্করণের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে উঠে এসেছেন তিনি।

বুধবার (৫ আগস্ট) দ্য হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলতে নেমে রেকর্ডটি গড়েন বাটলার। মার্কো ইয়ানসেনকে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে পোলার্ডের ১৪ হাজার ৮০৩ রানের রেকর্ড অতিক্রম করেন ইংলিশ এই ওপেনার।

ম্যাচে মাত্র ২০ বলে ২টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন বাটলার। তার ইনিংসের ওপর ভর করে মাত্র ৬৯ বলেই ১ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে ৯ উইকেটের দাপুটে জয় পায় ম্যানচেস্টার সুপার জায়ান্টস।

এই ইনিংসের পর ৫২২টি টি-টোয়েন্টি ম্যাচে বাটলারের মোট রান দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৩৩। ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে ৯টি শতক ও ১০৫টি অর্ধশতক। উল্লেখযোগ্য বিষয় হলো, পোলার্ডের রেকর্ড ভাঙতে তিনি খেলেছেন ২২৪টি ম্যাচ কম। পোলার্ড ৭৪৬ ম্যাচে করেছিলেন ১৪ হাজার ৮০৩ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইল, যার সংগ্রহ ৪৬৩ ম্যাচে ১৪ হাজার ৫৬২ রান।

এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে আগে ব্যাট করে ১০০ বলে ৪ উইকেটে ১৫৫ রান তোলে ওয়েলশ ফায়ার। ম্যাথু শর্ট ৭১ এবং ফিল সল্ট ৪৮ রান করেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১২৫ রান। ম্যানচেস্টারের হয়ে গাস অ্যাটকিনসন ১২ রানে নেন ২ উইকেট।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যানচেস্টার। পল ওয়াল্টার দ্রুত ফিরলেও টিম সেইফার্টকে নিয়ে দারুণ জুটি গড়েন বাটলার। ইয়ানসেনকে টানা তিন ছক্কা হাঁকানোর পথে প্রথম ছক্কাতেই গড়ে ওঠে নতুন বিশ্বরেকর্ড। পরে লকি ফার্গুসনকে ছক্কা মেরে নিজের অর্ধশতক পূর্ণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন
infantinno

ক্ষমা চাইলেন ইনফান্তিনো, ফিফা সভাপতি হিসেবেই থাকছেন তিনি

টিম সেইফার্টও অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন। টানা তিন ম্যাচের হার কাটিয়ে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস। আর একই রাতে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের নাম লিখিয়েছেন জস বাটলার।

আরটিভি/এসকে