মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ০৯:০৩ এএম
আপনার ফোনের গ্যালারিতে সংরক্ষিত স্ক্রিনশট বা ছবি যদি ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যে ভরপুর হয় তাহলে এখনই সাবধান হোন! কারণ, একটি নতুন ম্যালওয়্যার ছড়িয়ে পড়েছে, যা সরাসরি গ্যালারি স্ক্যান করে তথ্য হাতিয়ে নিচ্ছে!
বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Kaspersky সম্প্রতি সতর্কবার্তা দিয়েছে, SparkKitty নামের ভয়ংকর এই ম্যালওয়্যারটি এখন iOS এবং Android দুই প্ল্যাটফর্মেই আক্রমণ চালাচ্ছে।
কীভাবে আক্রমণ করছে SparkKitty?
iOS-এ এটি প্রথমে গ্যালারির অ্যাকসেস চায়। আপনি অনুমতি দিলে এটি আপনার ছবি পর্যবেক্ষণ করতে থাকে এবং প্রয়োজনমতো গোপন তথ্য চুরি করে।
Android-এ এটি স্টোরেজ পারমিশন নিয়ে গ্যালারির ছবি স্ক্যান করে। এমনকি Google-এর ML Kit OCR প্রযুক্তি ব্যবহার করে ছবির লেখা পড়েও তথ্য সংগ্রহ করছে!
কারা টার্গেট?
মূলত ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারী, জুয়া ও ক্যাসিনো অ্যাপের ভুয়া ব্যবহারকারীরা, কিন্তু সাধারণ ব্যবহারকারীরাও ঝুঁকিতে রয়েছেন।
এই ম্যালওয়্যারটির লক্ষ্য হচ্ছে: ক্রিপ্টোকারেন্সি সিড ফ্রেজ চুরি, পাসওয়ার্ড বা অন্য গোপন তথ্য হাতিয়ে নেওয়া, এমনকি ব্যক্তিগত ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইলও!
নিরাপদ থাকতে কী করবেন?
গোপন তথ্য স্ক্রিনশট হিসেবে রাখবেন না বিশেষ করে পাসওয়ার্ড, সিড ফ্রেজ বা ব্যাংক সংক্রান্ত তথ্য। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন এগুলো এনক্রিপ্টেড ও নিরাপদ। অ্যাপ ডাউনলোডে সচেতনতা জরুরি অফিশিয়াল স্টোর থেকেও অ্যাপ ইনস্টল করার আগে ডেভেলপার ও রিভিউ যাচাই করুন।
অ্যাপ পারমিশন সাবধানে দিন: গ্যালারি, ক্যামেরা বা স্টোরেজ পারমিশন শুধু প্রয়োজন হলে দিন। Google Play Protect চালু রাখুন, Android ফোনে এটি অটোস্ক্যান করে সন্দেহজনক অ্যাপ।
উল্লেখ্য, আপনার ফোনের গ্যালারিতে থাকা একটি নিরীহ স্ক্রিনশটই হতে পারে ভবিষ্যতের বড় সাইবার ঝুঁকি। এখনই সতর্ক না হলে, আপনার গোপন তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে।
আরটিভি/এসকে