images

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখ ভিডিও সরালো টিকটক, জানা গেল কারণ

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ১১:৫৭ এএম

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে বাংলাদেশে নীতিমালাবহির্ভূত কনটেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। প্রকাশিত কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট অনুযায়ী, এ সময় দেশের ভেতর থেকে সরানো হয়েছে ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও।  

সম্প্রতি প্রকাশিত টিকটকের ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট ২০২৫ (প্রথম প্রান্তিক)’ থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে অপসারিত ভিডিওগুলোর মধ্যে ৯৯.৬ শতাংশ সক্রিয়ভাবে সরানো হয়েছে, যার ৯৭.৭ শতাংশই ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে।

বিশ্বব্যাপী টিকটক এ সময় মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৯৮৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণ করা হয়েছে।

বিশ্বজুড়ে টিকটকের এই সময়ের পরিসংখ্যান আরও বিস্ময়কর। তবে সব ভিডিওই যে প্ল্যাটফর্মে নিষিদ্ধ থেকে যায় তা নয়। যাচাই-বাছাইয়ের পর ৭৫ লাখ ২৫ হাজার ১৮৪টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। অপসারিত ভিডিওগুলোর মধ্যে ৯৯ শতাংশ আগেই শনাক্ত ছিল এবং ৯৪.৩ শতাংশ কনটেন্ট ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হয়।

প্রসঙ্গত, টিকটক নিয়মিতভাবে এই এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে। এতে কনটেন্ট মডারেশন ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় টিকটকের স্বচ্ছতা তুলে ধরা হয়।

আরটিভি/এসআর/এস