সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ১১:২৪ এএম
জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সার্চ অ্যালগরিদম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাজ্যের অলাভজনক সংস্থা গ্লোবাল উইটনেস তাদের এক অনুসন্ধানে জানিয়েছে, টিকটক অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের পর্নোগ্রাফিক কনটেন্টের দিকে ঠেলে দিচ্ছে।
সংস্থা জানায়, তারা ১৩ বছর বয়সী ব্যবহারকারীর পরিচয়ে সাতটি নতুন টিকটক অ্যাকাউন্ট খুলে পরীক্ষা চালায়। পরীক্ষা শেষে দেখা গেছে, সার্চ বারে নির্দিষ্ট শব্দ লিখলেই পর্নোগ্রাফিক কনটেন্টের সাজেশন প্রদর্শিত হচ্ছে, যদিও ফোনগুলো সম্পূর্ণ ফ্যাক্টরি–রিসেট করা ছিল।
প্রতিবেদন প্রকাশিত হয়েছে এমন সময়ে, যখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইন কার্যকর হয়েছে। টিকটকের বিরুদ্ধে আগেও কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে একাধিক মামলা হয়েছে।
টিকটকের মুখপাত্র বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি, নীতিভঙ্গকারী কনটেন্ট সরিয়ে ফেলেছি এবং সার্চ সাজেশন ফিচারে পরিবর্তন এনেছি। শিশুদের সুরক্ষার জন্য আমাদের ৫০টিরও বেশি নিরাপত্তা ফিচার রয়েছে।
তবে গ্লোবাল উইটনেসের দাবি, পরীক্ষামূলক অ্যাকাউন্টগুলো খোলার পর মাত্র কয়েকটি ক্লিকের মধ্যেই প্ল্যাটফর্মটি ওইসব অ্যাকাউন্টে পর্নোগ্রাফিক কনটেন্ট দেখাতে শুরু করে। টিকটক কেবল নাবালকদের কনটেন্ট দেখাচ্ছে না, বরং অ্যালগরিদম ব্যবহার করে তাদের সেই দিকেই ঠেলে দিচ্ছে।
টিকটক প্রতি মাসে বিশ্বজুড়ে প্রায় ৬ মিলিয়ন অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট মুছে ফেলে। এ লক্ষ্যেই ব্যবহার করা হয় বয়স যাচাই প্রযুক্তি ও বিশেষ প্রশিক্ষিত মডারেশন টিম।
যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৩ অনুযায়ী, শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করতে প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বয়স যাচাই ব্যবস্থা বাধ্যতামূলক। আইনজীবী মার্ক স্টিফেন্স বলেন, গ্লোবাল উইটনেসের অনুসন্ধান স্পষ্টভাবে অনলাইন সেফটি অ্যাক্টের লঙ্ঘন।
টিকটক জানিয়েছে, তারা অফকমের তত্ত্বাবধানে শিশু সুরক্ষায় কঠোরভাবে কাজ করছে এবং কিশোরদের জন্য ‘গাইডেড মেডিটেশন’ ও রাতের নোটিফিকেশন বন্ধ রাখার মতো ফিচার চালু করেছে।
আরটিভি/এসকে