শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৭:০০ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক মাধ্যমের ক্রমবর্ধমান প্রভাবে বিশ্বখ্যাত অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া তাদের ভিজিটর বা পাঠক হারাচ্ছে।
প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, গত বছরের তুলনায় উইকিপিডিয়ার ভিজিটর প্রায় ৮ শতাংশ কমেছে।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের মার্শাল মিলার এক ব্লগ পোস্টে এই তথ্য নিশ্চিত করে জানান, ভিজিটর কমার প্রধান কারণ হলো জেনারেটিভ এআই এবং সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাব। বর্তমানে বিভিন্ন সার্চ ইঞ্জিন সরাসরি উত্তর দেওয়ার জন্য জেনারেটিভ এআই ব্যবহার করছে, যার ফলে ব্যবহারকারীরা আর উইকিপিডিয়ার লিংকে ক্লিক করার প্রয়োজনবোধ করছেন না।
মার্শাল মিলারের মতে, বর্তমান তরুণ প্রজন্ম যেকোনো তথ্য খোঁজার জন্য প্রচলিত সার্চ ইঞ্জিনের চেয়ে সামাজিকমাধ্যমকে বেশি প্রাধান্য দিচ্ছে। এতে করে উইকিপিডিয়ার মতো তথ্যসমৃদ্ধ সাইটগুলো পাঠক সংকটে পড়ছে। জেনারেটিভ এআই এবং সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো যেন ব্যবহারকারীদের সরাসরি উইকিপিডিয়ার মূল উৎসে নিয়ে আসে, সেই চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
একইসঙ্গে উইকিপিডিয়া নিজেও নতুন ভিজিটর আকৃষ্ট করতে এবং কনটেন্টের সঠিক উৎস দেখাতে নতুন ফ্রেমওয়ার্ক তৈরির কাজ শুরু করেছে। বর্তমানে দুটি বিশেষ টিম এই সমস্যা সমাধানে কাজ করছে।
মিলার পাঠকদের উদ্দেশ্যে বলেন, অনলাইনে তথ্য খোঁজার সময় অবশ্যই তথ্যের উৎস যাচাই করা উচিত এবং বিস্তারিত জানতে মূল সূত্রে ক্লিক করা প্রয়োজন।
উইকিপিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, সাইটটি মুক্ত ও বিনামূল্যে উপলব্ধ অনলাইন বিশ্বকোষ যা উন্মুক্ত সহযোগিতা এবং মিডিয়াউইকি নামক সফটওয়্যারের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত হয়। ২০০১ সালে জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার এটি প্রতিষ্ঠা করেন এবং ২০০৩ সাল থেকে এটি উইকিমিডিয়া ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হচ্ছে।
বর্তমানে ৩৪০ টিরও বেশি ভাষায় বিদ্যমান এই সাইটটি বিশ্বের নবম সর্বাধিক পরিদর্শনকৃত ওয়েবসাইট। এপ্রিল ২০২৪-এর হিসাব অনুযায়ী, ইংরেজি উইকিপিডিয়াতে ৭০ লক্ষাধিক নিবন্ধ এবং সমগ্র সাইটে সর্বমোট ৬.৫ কোটির অধিক নিবন্ধ রয়েছে।
উইকিপিডিয়া প্রতি মাসে ১.৩ কোটি বার সম্পাদিত হয় এবং ১৫০ কোটিরও বেশি অনন্য ডিভাইস হতে প্রদর্শিত হয়। পরিসংখ্যান অনুযায়ী, উইকিপিডিয়ার ২৫%-এরও বেশি ট্র্যাফিক আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।
আরটিভি/এএইচ