সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ০২:৫৩ পিএম
২০২৫ সালে প্রযুক্তির দুনিয়ায় এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি।
সম্প্রতি অ্যাপল ২০২৫ সালের অ্যাপ স্টোর চার্ট প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক ডাউনলোড করা আইফোন অ্যাপে পরিণত হয়েছে চ্যাটজিপিটি। গত বছর এই তালিকার চতুর্থ স্থানে থাকলেও এবার এটি টিকটক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডসের মতো টেক জায়ান্টদের পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে।
চ্যাটজিপিটির এই অভাবনীয় সাফল্য প্রমাণ করে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর কেবল প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের একটি বিশ্বস্ত ডিজিটাল সঙ্গীতে পরিণত হয়েছে।
বিশেষ করে ২০২৫ সালের মার্চ মাস থেকে চ্যাটজিপিটির এই জয়যাত্রা আরও স্পষ্ট হয়ে ওঠে, যখন এটি বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ হিসেবে টিকটক ও ইনস্টাগ্রামকে ছাড়িয়ে যায়। এআই-এর এই ক্রমবর্ধমান চাহিদা মোবাইল অ্যাপের প্রচলিত ধরন ও ব্যবহারের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বর্তমানে ব্যবহারকারীরা গুগল ম্যাপ কিংবা জিমেইলের মতো প্রথাগত অ্যাপের চেয়ে এআই-ভিত্তিক সেবার দিকে বেশি ঝুঁকছেন। দ্রুত উত্তর পাওয়া, ব্যক্তিগত পরামর্শ এবং নতুন কিছু শেখার ক্ষেত্রে চ্যাটজিপিটি এখন সাধারণ মানুষের প্রথম পছন্দ।
এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে, ভবিষ্যতে মোবাইল সার্চ বা তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে গুগলের মতো প্রথাগত সার্চ ইঞ্জিনের জন্য ওপেনএআই একটি বিশাল চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মানুষ এখন তথ্য খোঁজার জন্য দীর্ঘ তালিকার চেয়ে কথোপকথন-ভিত্তিক এবং ব্যক্তিগত উত্তরের পদ্ধতিটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
চ্যাট-ভিত্তিক এই প্রযুক্তি তথ্য অনুসন্ধানকে আগের চেয়ে সহজ ও দ্রুততর করে তুলেছে, যার ফলে প্রশ্ন-উত্তর, কন্টেন্ট তৈরি কিংবা প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে এআই এখন মোবাইল ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে বলা যায়।
আরটিভি/এএইচ