শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ০৪:৩২ পিএম
কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে একাধিক অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে, যার বেশ কয়েকটি বিনামূল্যে করা যাবে।
এর আওতায় ২০৩০ সালের মধ্যে অন্তত এক কোটি কর্মীকে এআই–সংক্রান্ত প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্য সরকারের। এটিকে ৫৫ বছরের মধ্যে, ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর দেশটির সবচেয়ে বড় দক্ষতা উন্নয়ন কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।
এই কোর্সগুলোতে এআই টুলের ব্যবহারিক দিকগুলো শেখানো হবে। যেমন—চ্যাটবটকে কার্যকর প্রশ্ন করার কৌশল, প্রশাসনিক কাজে এআইয়ের সহায়তা নেওয়া, দ্রুত নোট তৈরি, ইমেইল লেখার খসড়া প্রস্তুত এবং তথ্য সাজানোর পদ্ধতি।
কোর্স প্রণয়নে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো যুক্ত হয়েছে। অ্যামাজন, গুগল ও মাইক্রোসফট এ উদ্যোগে সহযোগিতা করছে। মোট ১৪টি কোর্স সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা একটি ভার্চুয়াল ব্যাজ পাবেন।
যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল বলেন, সরকারের লক্ষ্য হলো মানুষকে কর্মক্ষেত্রে এআই ব্যবহারে আত্মবিশ্বাসী করে তোলা। তার মতে, প্রযুক্তিগত পরিবর্তন অনিবার্য, তবে সেই পরিবর্তনের দিকনির্দেশনা নির্ভর করে নীতিনির্ধারণের ওপর। সরকার চায়, ঝুঁকি নিয়ন্ত্রণে রেখে এআইয়ের সুফল সবার কাছে পৌঁছে দিতে।
ব্রিটিশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)ও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলেন, দায়িত্ব শুধু কর্মীদের নয়, প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়কেও প্রযুক্তি বোঝার ক্ষমতা বৃদ্ধি করতে হবে। বোর্ড পর্যায়ের সিদ্ধান্ত নির্ধারকদেরও এআই জ্ঞান থাকা জরুরি।
কোর্সগুলোর সময়সীমা বিভিন্ন। কিছু কোর্স ২০ মিনিটের, আবার কিছু কয়েক ঘণ্টার। যুক্তরাজ্যের যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি কোর্সগুলোতে অংশ নিতে পারবেন। এই উদ্যোগে সহায়তার আশ্বাস দিয়েছে আরও কয়েকটি বড় সংস্থা, যেমন এনএইচএস, ব্রিটিশ চেম্বার্স অব কমার্স এবং লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন। তারা তাদের কর্মী ও সদস্যদের অংশ নিতে উৎসাহিত করবে।
সূত্র: টেকক্রাঞ্চ
আরটিভি/এমআই