images

তথ্যপ্রযুক্তি

‘বিস্ট গেমস সিজন থ্রি’-তে অংশ নিতে পারবেন বাংলাদেশিরা

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০২ পিএম

বিশ্বখ্যাত ইউটিউবার ও ইউটিউবের শীর্ষ আয়কারী কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি মিস্টার বিস্ট নামে বেশি পরিচিত, ঘোষণা দিয়েছেন তার জনপ্রিয় আন্তর্জাতিক রিয়েলিটি শো ‘বিস্ট গেমস’-এর তৃতীয় সিজন। এ ঘোষণার মাধ্যমে বাংলাদেশিসহ বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য খুলে গেছে অংশগ্রহণের সুযোগ।

সম্প্রতি মিস্টার বিস্ট তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানান, ‘বিস্ট গেমস সিজন থ্রি’-এর জন্য বিশ্বব্যাপী কাস্টিং শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীরা জিতে নিতে পারেন সর্বোচ্চ ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা।

স্ট্যাটাসে তিনি আরও জানান, এখন থেকে যে কোনো দেশের নাগরিক এই রিয়েলিটি শোতে অংশ নিয়ে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। ফলে বাংলাদেশিদের জন্যও এটি একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

অংশগ্রহণের যোগ্যতা

‘বিস্ট গেমস’-এ অংশ নিতে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি। পাশাপাশি আবেদনকারীর থাকতে হবে বৈধ পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে জানুয়ারি ২০২৭ সাল পর্যন্ত বৈধ। আন্তর্জাতিক ভ্রমণের যোগ্যতাও বাধ্যতামূলক।

প্রতিযোগীদের মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। আয়োজকদের ধারণা অনুযায়ী, এই প্রাথমিক নির্বাচন পর্ব ২০২৬ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক স্থানে অনুষ্ঠিত হতে পারে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী বাংলাদেশিরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিযোগিতার শুটিং হবে বিশ্বের বিভিন্ন দেশে। যেখানে অংশগ্রহণকারীদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর সব চ্যালেঞ্জ, টানটান উত্তেজনা এবং বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার বিরল সুযোগ। 
 
আরটিভি/এসকে