মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১৪ এএম
চলতি বছরের প্রথম বলয়াকার সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। আকাশপ্রেমীদের কাছে ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি বিশ্বজুড়ে আগ্রহের সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৭টা ১ মিনিটে। এর সর্বোচ্চ স্থায়িত্বকাল হতে পারে ২ মিনিট ২০ সেকেন্ড।
রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। তবে এই সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না।
এবারের বলয়গ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু অংশ থেকে। বিশেষ করে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে। মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এটি পর্যবেক্ষণ করা যাবে।
আইএসপিআর জানায়, অ্যান্টার্কটিকায় চিলির ইয়েলচো গবেষণা ঘাঁটি থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ মহাসাগরে স্থানীয় সময় (এলএমটি) মঙ্গলবার ভোর ৪টা ৩৮ মিনিট ৩১ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। অন্যদিকে মরিশাসের ভিংট-সিনক দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগরে স্থানীয় সময় ৬টা ২৪ মিনিট ৩৯ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করলেও পৃথিবী থেকে চাঁদের আপাত আকার সূর্যের চেয়ে কিছুটা ছোট দেখায়। ফলে সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো আলোকচ্ছটা দৃশ্যমান হয়।
আকাশপ্রেমীদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা হলেও নিরাপদ উপায়ে বিশেষ সোলার ফিল্টার বা গ্রহণ চশমা ব্যবহার করে গ্রহণ দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
আরটিভি/এসকে