বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৬:৫০ পিএম
প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ইলন মাস্কের পরিকল্পিত মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) অংশ হিসেবে তৈরি এই অ্যাপটি হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো নিরাপদ ও আধুনিক যোগাযোগ সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আসছে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, ‘এক্সচ্যাট’এ থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, যার ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তার তথ্য দেখতে পারবে না। পাশাপাশি এতে অডিও ও ভিডিও কল, ছবি ও ফাইল শেয়ারিং, গ্রুপ চ্যাট, বার্তা সম্পাদনা এবং মুছে ফেলার মতো সুবিধাও থাকবে।
প্রাথমিকভাবে অ্যাপটি আইওএস ও আইপ্যাডওএস প্ল্যাটফর্মে চালু করার পরিকল্পনা রয়েছে, ফলে শুরুতে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।
জানা গেছে, আগামী ১৭ এপ্রিল অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত থাকছে এই অ্যাপ ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অবশ্যই একটি এক্স (X) অ্যাকাউন্ট থাকতে হবে।
বিশেষজ্ঞদের মতে, এটি এক্সের বিদ্যমান ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হলেও হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো স্বাধীন প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা সহজ হবে না। কারণ এসব অ্যাপ আলাদা অ্যাকাউন্ট ছাড়াই এবং সব প্ল্যাটফর্মে সহজেই ব্যবহার করা যায়।
সব মিলিয়ে, ‘এক্সচ্যাট’ বাজারে কতটা সাড়া ফেলবে তা নির্ভর করবে এর ব্যবহার সহজতা, নিরাপত্তা এবং ব্যবহারকারীদের আকর্ষণ করার সক্ষমতার ওপর।
সূত্র: ম্যাশেবল
আরটিভি/এসকে