images

তথ্যপ্রযুক্তি / আন্তর্জাতিক

জাপানে বেড়েছে নেকড়ে রোবটের ব্যাপক চাহিদা

বুধবার, ১৩ মে ২০২৬ , ০২:৫৮ পিএম

জাপানে ভয়ংকর দেখতে ‘নেকড়ে রোবট’এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। মানুষের ওপর ভালুকের প্রাণঘাতী হামলা এবং গ্রামীণ এলাকায় ভালুকের উৎপাত বেড়ে যাওয়ায় এই বিশেষ রোবট কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন কৃষক, গলফ কোর্স পরিচালনাকারী ও নির্মাণশ্রমিকরা।

‘মনস্টার উলফ’ নামে পরিচিত এই যন্ত্রটি তৈরি করছে হোক্কাইডোভিত্তিক জাপানি কোম্পানি ওহাটা সেইকি। এটি মূলত একটি অ্যানিমেট্রনিক কাকতাড়ুয়া, যা বন্য প্রাণী বিশেষ করে ভালুক তাড়ানোর জন্য তৈরি করা হয়েছে।

রোবটটির লাল এলইডি চোখ জ্বলে ওঠে, মুখ ভয়ংকরভাবে খোলা থাকে এবং এটি গর্জন ও হুক্কাহুয়া ধরনের শব্দ করে। এতে কৃত্রিম লোম, স্পিকার, সেন্সর, ব্যাটারি ও সোলার প্যানেল সংযুক্ত রয়েছে। এছাড়া এটি ৫০টির বেশি ধরনের রেকর্ড করা শব্দ প্রচার করতে পারে, যার মধ্যে মানুষের কণ্ঠ ও বিভিন্ন ইলেকট্রনিক শব্দও রয়েছে। এসব শব্দ প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়।

কোম্পানির প্রধান  ইউজি ওহতা জানান, এ বছর তারা ইতোমধ্যে প্রায় ৫০টি অর্ডার পেয়েছেন, যা সাধারণত পুরো বছরের মোট অর্ডারের সমান। তিনি বলেন, আমরা প্রতিটি যন্ত্র হাতে তৈরি করি। এখন চাহিদা এত বেশি যে দ্রুত সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গ্রাহকদের দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ভালুকের হামলা থেকে নিরাপত্তা এবং কৃষিপণ্যের ক্ষতি ঠেকাতে মানুষের সচেতনতা বেড়েছে। একই সঙ্গে মানুষ বুঝতে পারছে, এই যন্ত্রটি ভালুক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ সালে জাপানে ভালুকের হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যা আগের সর্বোচ্চ সংখ্যার দ্বিগুণেরও বেশি। একই সময়ে দেশজুড়ে ৫০ হাজারের বেশি ভালুক দেখা যাওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন
MODI

বহরে গাড়ির সংখ্যা অর্ধেক করার নির্দেশ মোদির

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলের কিছু এলাকায় চলতি এপ্রিল মাসে গত বছরের তুলনায় চার গুণ বেশি ভালুক দেখা গেছে। প্রায় প্রতিদিনই ভালুককে বাড়িঘর, স্কুলের আশপাশ, সুপারমার্কেট এমনকি উষ্ণ প্রস্রবণ রিসোর্টেও দেখা যাচ্ছে।

প্রায় ৪ হাজার ডলার মূল্যের ‘মনস্টার উলফ’ রোবটটি এখন জাপানের গ্রামীণ এলাকায় নিরাপত্তার নতুন প্রতীক হয়ে উঠেছে।

সূত্র: আরব নিউজ

আরটিভি/এসকে