শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৬:১৩ পিএম
ইনস্টাগ্রাম নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা তার সাম্প্রতিক দুটি মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত একটি ভাইরাল থ্রেড থেকে, যেখানে পুরুষ ও নারীরা সোশ্যাল মিডিয়া কীভাবে ভিন্নভাবে ব্যবহার করেন তা নিয়ে আলোচনা চলছিল। সেই পোস্টের জবাবে মাস্ক লেখেন, ইনস্টাগ্রাম মেয়েদের জন্য। সংক্ষিপ্ত এই মন্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিতর্কের জন্ম দেয়।
পরে আরেকটি জবাবে তিনি লেখেন, কখনো কখনো প্রাপ্তবয়স্ক পুরুষরা আমাকে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠায়, আর আমি ভাবি তুমি কি লিঙ্গ পরিবর্তন করছো? এই মন্তব্যের পর সমালোচনা আরও তীব্র হয়ে ওঠে। অনেকেই অভিযোগ করেন, এটি লিঙ্গ পরিচয় নিয়ে বিদ্রূপাত্মক এবং সমাজে প্রচলিত কঠোর লিঙ্গধারণাকে উসকে দেয়।
সামাজিক মাধ্যমে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ মাস্কের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন। একজন ব্যবহারকারী লেখেন, বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তার কাছ থেকে এ ধরনের মন্তব্য হতাশাজনক। আবার অন্য একজন বলেন, এ ধরনের মন্তব্য শুধু ইন্টারনেট বিতর্ক নয়, সামাজিক ও রাজনৈতিক আলোচনায়ও প্রভাব ফেলে।
তবে মাস্কের পক্ষেও অনেকে কথা বলেছেন। কেউ কেউ এক্স ও ইনস্টাগ্রাম ব্যবহার সংস্কৃতির পার্থক্য নিয়ে রসিকতা করেন। একজন লেখেন, এক্স হলো বিতর্কের জায়গা, আর ইনস্টাগ্রাম হলো সাজানো জীবনের প্রদর্শনী।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা আবারও দেখিয়ে দিল সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রিটি ও প্রযুক্তি নেতাদের মন্তব্য কত দ্রুত বৈশ্বিক বিতর্কে পরিণত হতে পারে। অনলাইনে লিঙ্গবৈষম্য, পরিচয় রাজনীতি এবং ভাইরাল সংস্কৃতি নিয়ে আলোচনা এখনো চলছে।
আরটিভি/এসকে