images

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে বড় রদবদল

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০২:৫০ এএম

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল করেছে এর মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড। হোয়াটসঅ্যাপের প্রধান পদে উইল ক্যাথকার্টের স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতের খ্যাতনামা ফিনটেক স্টার্টআপ ক্রেডের প্রতিষ্ঠাতা কুনাল শাহ। 

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ তার অফিশিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টে এই ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা দেন। 

একই সঙ্গে মেটা ক্রেডে ৯০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রায় ২০ শতাংশ অংশীদারত্ব কিনে নিচ্ছে বলে জানা গেছে।

মার্ক জাকারবার্গ লিখেছেন, ‘উইল ক্যাথকার্ট ঘোষণা করেছেন, দীর্ঘ ৭ বছর অ্যাপটির নেতৃত্ব দেওয়ার পর হোয়াটসঅ্যাপের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। উইল মেটার অন্যতম গুরুত্বপূর্ণ এবং কার্যকর নেতা হিসেবে ভূমিকা রেখেছেন। তিনি হোয়াটসঅ্যাপকে ৩০০ কোটির বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছেন এবং আমাদের কমিউনিটির জন্য ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়টিকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন। অনেক বছর ধরে তাঁর অংশীদারত্ব এবং অবদানের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। 

আরও পড়ুন
10_20251108_143046265

১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

‘উইল মেটার অভ্যন্তরেই একটি নতুন ভূমিকায় স্থানান্তরিত হচ্ছেন, যেখানে তিনি একদম শূন্য থেকে নতুন প্রোডাক্ট তৈরি করবেন। আমি তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য বেশ উচ্ছ্বসিত। অন্যদিকে কুনাল শাহ হোয়াটসঅ্যাপের পরবর্তী নেতা হিসেবে মেটাতে যোগ দেবেন। কুনাল ক্রেডকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি কোম্পানি হিসেবে গড়ে তুলেছেন।’ 

জাকারবার্গ আরও লিখেছেন, তিনি এমন একজন নির্মাতা-সুলভ মানসিকতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসছেন, যা তাঁকে বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপ পরিচালনায় দারুণভাবে সাহায্য করবে। বিলিয়ন বিলিয়ন মানুষ এবং লাখ লাখ ব্যবসায়ের জন্য হোয়াটসঅ্যাপকে সেরা সেবা হিসেবে বজায় রাখতে আমি কুনালের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’

এদিকে উইল ক্যাথকার্ট এক্সে লিখেছেন, ব্যক্তিগত কিছু খবর লিখছি। দীর্ঘ প্রায় ৭ বছর হোয়াটসঅ্যাপের নেতৃত্ব দেওয়ার পর, বিশ্বের মানুষের কাছে সহজ, নির্ভরযোগ্য এবং নিরাপদ মেসেজিং সেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব কে নিতে যাচ্ছেন, তা শেয়ার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। হোয়াটসঅ্যাপ বর্তমানে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। আমার মনে হয়েছে, সরে দাঁড়ানোর জন্য এটাই উপযুক্ত সময়। আমরা যা তৈরি করেছি, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। 

‘আমরা ৩০০ কোটির বেশি মানুষের কাছে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং সুবিধা পৌঁছে দিয়েছি। আমরা একে গ্রুপ চ্যাট, কম্প্যানিয়ন ডিভাইস ও নতুন নতুন মাধ্যমে নিয়ে এসেছি। বিশ্বজুড়ে মানুষের ব্যক্তিগতভাবে যোগাযোগের অধিকারকে রক্ষা করেছি। কুনাল শাহ হবেন হোয়াটসঅ্যাপের পরবর্তী প্রধান। তিনি ক্রেডকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি কোম্পানিতে রূপান্তর করেছেন।’

তিনি আরও লেখেন, আমাদের অ্যাপগুলোর ওপর যাঁরা ভরসা করেন, সেই মানুষদের প্রতি তাঁর গভীর আন্তরিকতা রয়েছে। কুনাল এবং আমাদের অসাধারণ টিম ভবিষ্যতে আর কী কী তৈরি করে, তা দেখার জন্য আমি অত্যন্ত উন্মুখ ও উচ্ছ্বসিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা হোয়াটসঅ্যাপের ওপর ভরসা করেন, সেই সাধারণ মানুষের সেবা করার এই অনন্য সুযোগ পাওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড ভারতীয় ফিনটেক স্টার্টআপ ক্রেডে ৯০ কোটি ডলারের বিশাল বিনিয়োগ করতে যাচ্ছে। এই বিনিয়োগের অংশ হিসেবেই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কুনাল শাহকে হোয়াটসঅ্যাপের নতুন গ্লোবাল লিডার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। 

এই ৯০ কোটি ডলার বিনিয়োগের ফলে মেটা ক্রেডের আনুমানিক ২০ শতাংশ শেয়ারের মালিক হবে। এই বিনিয়োগের পর ক্রেডের বাজার মূল্যায়ন দাঁড়িয়েছে সাড় ৪০০ কোটি ডলারে।

হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপ হলেও এর আয়ের একটি বড় অংশ আসছে হোয়াটসঅ্যাপ বিজনেস এবং ডিজিটাল লেনদেন সেবা থেকে। কুনাল শাহ ভারতে ক্রেডিট কার্ড বিল লেনদেন অ্যাপ ক্রেড তৈরি করে ব্যাপক সফল হয়েছেন। 

দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো বিশাল বাজারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজিটাল কমার্স এবং পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতেই মেটা একজন ফিনটেক বিশেষজ্ঞকে হোয়াটসঅ্যাপের শীর্ষ পদে বসিয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: এক্স ডটকম, ব্লুমবার্গ, ফেসবুক

আরটিভি/এসআর