শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৪:২৯ পিএম
প্রযুক্তির অগ্রগতিতে মানুষের দৈনন্দিন জীবন দিন দিন আরও সহজ ও আরামদায়ক হয়ে উঠছে। সেই ধারাবাহিকতায় এবার এমন এক অভিনব প্রযুক্তি সামনে এসেছে। যা অনেকের কাছেই বিজ্ঞান কল্পকাহিনির মতো মনে হতে পারে। চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরি করেছে বিশেষ ধরনের একটি রোবোটিক টয়লেট। যা প্রয়োজন হলে নিজেই ব্যবহারকারীর কাছে চলে আসতে পারে।

মূলত বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম মানুষ এবং দীর্ঘদিন অসুস্থতায় ভোগা রোগীদের কথা বিবেচনায় রেখে এই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। বয়সজনিত দুর্বলতা বা শারীরিক অসুস্থতার কারণে অনেকের জন্য বাথরুমে যাওয়া কষ্টকর হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে অন্যের সহায়তার প্রয়োজন হয়, যা অনেক সময় বিব্রতকরও হতে পারে। নতুন এই রোবোটিক টয়লেট সেই সমস্যার কার্যকর সমাধান দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যবহারকারী ভয়েস কমান্ড বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে রোবটটিকে নিজের কাছে ডেকে নিতে পারবেন। এতে অত্যাধুনিক লিডার, লেজার এবং আল্ট্রাসনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এসব সেন্সরের মাধ্যমে রোবটটি ঘরের ভেতরে নিরাপদে চলাচল করতে পারে এবং বিভিন্ন বাধা এড়িয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সক্ষম।
রোবোটিক টয়লেটটির অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর স্বয়ংক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা। ব্যবহার শেষে এটি নিজেই বর্জ্য সংগ্রহ করে বাড়ির স্থায়ী টয়লেটে স্থানান্তর করতে পারে। ফলে ব্যবহারকারীকে আলাদা কোনো ঝামেলায় পড়তে হয় না।
এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এতে রয়েছে স্বয়ংক্রিয় পরিষ্কার ব্যবস্থা। উষ্ণ পানি ব্যবহার করে নিজেই নিজেকে পরিষ্কার করার পাশাপাশি দুর্গন্ধ নিয়ন্ত্রণের বিশেষ প্রযুক্তিও সংযুক্ত করা হয়েছে।
সম্প্রতি চীনের সাংহাইয়ে আয়োজিত প্রবীণদের সেবা ও সহায়তাবিষয়ক একটি প্রযুক্তি প্রদর্শনীতে রোবোটিক টয়লেটটি প্রদর্শন করা হয়। সেখানে এটি দর্শনার্থী ও প্রযুক্তিবিদদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম মানুষের স্বাধীনভাবে জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি স্মার্ট হোম প্রযুক্তির বিকাশেও এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অত্যাধুনিক এই রোবোটিক টয়লেটটির দাম প্রায় ৪ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৯২ হাজার টাকার সমপরিমাণ। তবে চীনের বাইরে অন্যান্য দেশে এটি কবে বাজারজাত করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সূত্র: দ্য ভার্জ
আরটিভি/এসকে