বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৮:৩০ এএম
গাড়ির মান যাচাইয়ের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রত্যাশা পূরণ করতে না পারায় অভিজ্ঞ মানব প্রকৌশলীদের আবারও কাজে ফিরিয়ে এনেছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
ফোর্ড জানিয়েছে, স্বয়ংক্রিয় মান যাচাই ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে গত কয়েক বছরে ৩০০–এর বেশি অভিজ্ঞ প্রকৌশলীকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
ফোর্ডের যানবাহন হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট চার্লস পুন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা একটি কার্যকর প্রযুক্তি হলেও এটি যত ভালো তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, ততটাই ভালো ফল দেবে। অতীতে প্রতিষ্ঠানের সবচেয়ে অভিজ্ঞ প্রকৌশলীদের জ্ঞান ও অভিজ্ঞতাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলেও তিনি স্বীকার করেন।
গাড়ির মান নিয়ন্ত্রণে ফোর্ড উৎপাদন ব্যবস্থার বিভিন্ন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার শুরু করেছিল। এ জন্য কারখানায় প্রায় ৯০০টি এআই নির্ভর ক্যামেরাও স্থাপন করা হয়। তবে বাস্তবে এই প্রযুক্তি প্রত্যাশিত মান নিশ্চিত করতে পারেনি।

চার্লস পুন বলেন, শুধু নকশার তথ্য দিয়ে এআইকে প্রশিক্ষণ দিলেই উন্নতমানের পণ্য তৈরি হবে—এমন ধারণা ভুল ছিল। স্বয়ংক্রিয় ব্যবস্থা অভিজ্ঞ প্রকৌশলীদের বাস্তব দক্ষতা ও অভিজ্ঞতার বিকল্প হতে পারেনি।
তিনি আরও জানান, এখন পুনরায় নিয়োগ পাওয়া অভিজ্ঞ প্রকৌশলীরা এআই ব্যবস্থাকে আরও উন্নত করতে প্রশিক্ষণ দিচ্ছেন। পাশাপাশি নতুন প্রকৌশলীদেরও হাতে-কলমে অভিজ্ঞতা শেয়ার করছেন।
এদিকে, এই সীমাবদ্ধতার কথা স্বীকার করার মধ্যেই ফোর্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গাড়ির মান মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচকে তারা আবারও শীর্ষ অবস্থানে ফিরেছে। ২০১০ সালের পর এবারই প্রথম এই সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
ফোর্ডের দাবি, প্রকৌশল, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় পরিবর্তনের পাশাপাশি দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলীদের ফিরিয়ে আনার সিদ্ধান্তই এই সাফল্যের অন্যতম কারণ।
সূত্র: বিবিসি
আরটিভি/জেএমএ