images

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ‘অনলাইন ইন্ডিকেটর’ ফিচার, পাবেন যে সুবিধা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০২:৫৬ পিএম

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ‘অনলাইন ইন্ডিকেটর’ ফিচার পরীক্ষা করছে। এই ফিচারের মাধ্যমে কোনো কন্টাক্ট অনলাইনে থাকলে তা আরও সহজে বোঝা যাবে।

এর আগে অ্যান্ড্রয়েডে সীমিত পরিসরে পরীক্ষা চালানোর পর এবার নির্বাচিত কিছু আইওএস বিটা ব্যবহারকারীর জন্যও ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুযায়ী, আইওএস বিটা ভার্সন ২৬.২৬.১৯.৭২-এ নতুন এই সুবিধাটি যুক্ত হয়েছে।

নতুন ফিচার অনুযায়ী, কোনো কন্টাক্ট অনলাইনে থাকলে তার কন্টাক্ট ইনফো পেজে প্রোফাইল ছবির নিচের ডান পাশে একটি ছোট সবুজ ডট দেখা যাবে। সংশ্লিষ্ট ব্যক্তি অফলাইনে চলে গেলে ডটটি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। ফলে ব্যবহারকারীরা দ্রুত বুঝতে পারবেন, অপর প্রান্তের ব্যক্তি বর্তমানে অনলাইনে আছেন কি না।

বর্তমানে এই অনলাইন ইন্ডিকেটর শুধু কন্টাক্টের প্রোফাইল বা কন্টাক্ট ইনফো পেজেই দেখা যাচ্ছে। অর্থাৎ, এটি দেখতে হলে ব্যবহারকারীকে সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইল ছবিতে ট্যাপ করে ভেতরে প্রবেশ করতে হবে। এখনো মূল চ্যাট লিস্ট বা চ্যাট উইন্ডোতে এই সবুজ নির্দেশক দেখানো হচ্ছে না। ফলে ফিচারটি পুরোপুরি সুবিধাজনক হয়ে উঠতে আরও কিছু উন্নয়ন প্রয়োজন।

হোয়াটসঅ্যাপ কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি উন্মুক্ত করবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ধারণা করা হচ্ছে, বিটা পর্যায়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর ধাপে ধাপে এটি বিশ্বব্যাপী চালু করা হবে।

এদিকে হোয়াটসঅ্যাপ আরও একটি গুরুত্বপূর্ণ ইউজারনেম ফিচারের ওপর কাজ করছে। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা ফোন নম্বর প্রকাশ না করেই ইউনিক ইউজারনেম ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এতে ব্যক্তিগত গোপনীয়তা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ফিচারটি চালুর আগে অতিরিক্ত পর্যালোচনার অনুরোধ জানিয়েছে। তাদের আশঙ্কা, প্রতারকরা বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ভুয়া ইউজারনেম তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে। তাই নিরাপত্তা নিশ্চিত করেই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

আরটিভি/এসকে