শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৪:৪৪ পিএম
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে এখনও আরও দুই বছর বাকি। তবুও ২০২৮ সালের বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে ঘিরে নিউ জিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ডানিডিনে শুরু হয়ে গেছে পর্যটকদের আগাম প্রস্তুতি। বিরল এই মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করতে ইতোমধ্যেই শহরটির বিভিন্ন হোটেলে অগ্রিম বুকিং শুরু হয়েছে, এমনকি কিছু বিশেষ প্যাকেজের সব কক্ষও বুক হয়ে গেছে।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৮ সালের ২২ জুলাই স্থানীয় সময় বিকেল ৪টা ১৭ মিনিটে চাঁদ সূর্যের সামনে এসে পড়বে। এর ফলে দক্ষিণ নিউজিল্যান্ডের প্রায় ১০০ কিলোমিটার প্রশস্ত একটি অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে রাতের মতো অন্ধকার। ডানিডিন এলাকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ৫১ সেকেন্ড।
জ্যোতির্বিজ্ঞানী এবং ডানিডিনের টুহুরা ওটাগো মিউজিয়ামের পরিচালক ইয়ান গ্রিফিন জানান, ডানিডিন থেকে সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১১৬৩ সালে। সে সময় সেখানে মানুষের বসতি ছিল না। ফলে বর্তমান প্রজন্মের জন্য এটিই হবে শহর থেকে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ। আর পুরো নিউ জিল্যান্ডে সর্বশেষ এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯৬৫ সালে।
এই বিরল ঘটনার কথা মাথায় রেখে ডানিডিনের বিভিন্ন হোটেল বিশেষ প্রস্তুতি নিচ্ছে। ডানিডিন লেজার লজ ‘সোলার এক্লিপস প্যাকেজ’ চালু করেছে, যার সব কক্ষ ইতোমধ্যেই বুক হয়ে গেছে। প্যাকেজে অতিথিদের জন্য বিনামূল্যে সূর্যগ্রহণ দেখার বিশেষ সুরক্ষা চশমার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া শহরের আরও কয়েকটি হোটেলে প্রতিদিনই বুকিং সংক্রান্ত অনুসন্ধান বাড়ছে।
স্থানীয় প্রশাসনের ধারণা, প্রায় ১ লাখ ৩০ হাজার জনসংখ্যার ডানিডিনে ওই সময় প্রায় ৩৫ হাজার পর্যটক ভিড় করতে পারেন। তাই পর্যটকদের সুবিধার্থে অবকাঠামোগত প্রস্তুতির পাশাপাশি নানা আয়োজনও শুরু হয়েছে।
ইতোমধ্যেই টুহুরা ওটাগো মিউজিয়াম সূর্যগ্রহণ উপলক্ষে কাউন্টডাউন শুরু করেছে। যেহেতু ঘটনাটি নিউ জিল্যান্ডের আদিবাসী মাওরি জনগোষ্ঠীর নববর্ষ ‘মাতারিকি’ উৎসবের কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে, তাই মাতারিকি উৎসব থেকে সূর্যগ্রহণ পর্যন্ত রাতের আকাশকে কেন্দ্র করে বিশেষ উৎসব, বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ২০২৮ সালের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিশ্বের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা হয়ে উঠতে পারে। আর সেই কারণেই দুই বছর আগেই ডানিডিনে শুরু হয়েছে পর্যটকদের আগাম বুকিং ও প্রস্তুতির ব্যস্ততা।
আরটিভি/এসকে