images

তথ্যপ্রযুক্তি

বিনা খরচে নেটফ্লিক্সে সিনেমা-সিরিজ দেখার সুযোগ, ফিরল সীমিত ফ্রি ট্রায়াল

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৩:৪৪ পিএম

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স প্রায় ছয় বছর পর সীমিত পরিসরে আবারও ফ্রি ট্রায়াল সুবিধা চালু করেছে। নির্বাচিত নতুন ব্যবহারকারীরা ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত বিনা খরচে নেটফ্লিক্সের সিনেমা, সিরিজ ও ডকুমেন্টারি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গ্যাজেটস ৩৬০-এর প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্সের হেল্প সেন্টার জানিয়েছে, এই অফারটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। ব্যবহারকারীর অ্যাকাউন্ট, ব্যবহৃত ডিভাইস এবং অবস্থানের (লোকেশন) ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে। যোগ্য হলে নতুন অ্যাকাউন্ট খোলার সময় স্বয়ংক্রিয়ভাবে ১৫ বা ৩০ দিনের ফ্রি ট্রায়ালের অফার দেখা যাবে। অফার প্রদর্শিত না হলে বুঝতে হবে, ওই অ্যাকাউন্টটি বর্তমানে এই সুবিধার জন্য নির্বাচিত হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালে বিশ্বজুড়ে ৩০ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা বন্ধ করে দিয়েছিল নেটফ্লিক্স। দীর্ঘ বিরতির পর আবারও সীমিত পরিসরে এই সুবিধা ফিরিয়ে এনে নতুন গ্রাহক আকর্ষণের কৌশল পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

যেভাবে বুঝবেন আপনি ফ্রি ট্রায়ালের জন্য যোগ্য কি না

নেটফ্লিক্সের ওয়েবসাইট বা অ্যাপ থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন।

আগে ব্যবহার করা হয়নি এমন একটি ই-মেইল ঠিকানা ব্যবহার করুন।

সাইন-আপের সময় ‘Try 30 Days for Zero’ বা ‘15 Days Free Trial’ অফার দেখায় কি না, তা যাচাই করুন।

পছন্দের সাবস্ক্রিপশন প্ল্যান নির্বাচন করুন।

ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা সমর্থিত পেমেন্ট পদ্ধতি যুক্ত করে নিবন্ধন সম্পন্ন করুন।

অফার থাকলে ট্রায়াল মেয়াদজুড়ে বিনা খরচে কনটেন্ট উপভোগ করা যাবে।

তবে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। নেটফ্লিক্সে অটো-রিনিউ বা স্বয়ংক্রিয় বিলিং সুবিধা ডিফল্টভাবে চালু থাকে। ফলে ফ্রি ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগে সাবস্ক্রিপশন বাতিল না করলে নির্বাচিত প্ল্যানের অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। তাই অতিরিক্ত চার্জ এড়াতে ট্রায়াল শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে। 

আরটিভি/এসকে