images

তথ্যপ্রযুক্তি

যেভাবে অন্য প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল মেটার এআই মডেল

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৮:৪৫ পিএম

পরীক্ষামূলক মূল্যায়নের সময় মেটার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ভুলবশত অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছে। বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। খবর সিএনএনের।

মেটার এক মুখপাত্র জানান, পরীক্ষার সময় অনিচ্ছাকৃত একটি কনফিগারেশন ত্রুটির কারণে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির দাবি, ওপেনএআই ও অ্যানথ্রপিকের পরীক্ষামূলক মূল্যায়নের সময় এর আগে প্রকাশিত একই ধরনের ঘটনার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ।

মেটার তথ্য অনুযায়ী, স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ইরেগুলারের একটি ভুল কনফিগারেশনের কারণে ‘মিউজ স্পার্ক’ নামের এআই মডেলটি মূল্যায়নের সময় সীমিত ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। এরপর মডেলটি একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে অন্য একটি প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করে।

ইরেগুলার এক বিবৃতিতে জানিয়েছে, এটি স্যান্ডবক্স ভেঙে বেরিয়ে আসা বা জটিল সাইবার হামলার ঘটনা নয়। বরং মূল্যায়ন-পরিবেশের একটি ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমানে এ সংক্রান্ত কোনো উন্মুক্ত নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, দ্য ইনফরমেশন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটার এআই মডেলটি একটি অজ্ঞাত প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করে অভ্যন্তরীণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনে।

মেটা জানিয়েছে, ইরেগুলার ইতোমধ্যে ঘটনাটি তাদের অবহিত করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, বাস্তব পরিস্থিতি অনুকরণ করতে কিছু পরীক্ষামূলক পরিবেশে এআই মডেলগুলোকে সীমিত ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে পরীক্ষার সেটআপে বিরল ধরনের একটি কনফিগারেশন ত্রুটি ছিল।

সূত্রটি আরও জানায়, এআই মডেলগুলো দ্রুত আরও সক্ষম হয়ে উঠছে। একই সঙ্গে সেগুলোর নিরাপত্তা মূল্যায়নও আগের চেয়ে অনেক বেশি জটিল হচ্ছে। ফলে এ ধরনের ভুলের ঝুঁকি বাড়ছে এবং মূল্যায়ন ব্যবস্থায় আরও কঠোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন দেখা দিয়েছে।

আরও পড়ুন
SUN

প্রথমবার এত কাছ থেকে সূর্যপৃষ্ঠের ছবি, ধরা পড়ল বিরল ঘূর্ণাবর্ত

সাম্প্রতিক কয়েক সপ্তাহে পরীক্ষার সময় অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশের ঘটনা প্রকাশ করা তৃতীয় বড় এআই প্রতিষ্ঠান হলো মেটা। ঘটনাটি এআই এজেন্টগুলোর ক্রমবর্ধমান সক্ষমতার পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও নতুন করে সামনে এনেছে।

সূত্র : সিএনএন

আরটিভি/এসকে