images

তথ্যপ্রযুক্তি

ফ্রি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৪:৫৯ পিএম

চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, ফ্রি ব্যবহারকারীদের জন্য টেক্সটভিত্তিক চ্যাটের সীমা তুলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ‘থিংক’  বাটন। এক বিলিয়নের বেশি সাপ্তাহিক ব্যবহারকারী অর্জনের পর এটিকে প্ল্যাটফর্মটির অন্যতম বড় আপডেট হিসেবে দেখা হচ্ছে।

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫.৬ লুনা ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য নতুন ডিফল্ট মডেল হিসেবে চালু করা হবে। এটি বর্তমান জিপিটি-৫.৫ মডেলের জায়গা নেবে। চলতি সপ্তাহ থেকেই নতুন মডেল উন্মুক্ত করা শুরু হবে। আগামী সপ্তাহ থেকে ফ্রি ব্যবহারকারীরা সীমাহীন টেক্সট চ্যাটের পাশাপাশি নতুন ‘থিংক’ বাটন ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটির ভাষ্য, ‘থিংক’ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা জটিল প্রশ্নের ক্ষেত্রে মডেলকে আরও গভীরভাবে বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগ করতে নির্দেশ দিতে পারবেন। তবে ফাইল আপলোড, ছবি তৈরি, ভয়েস ফিচার এবং ছবি বিশ্লেষণের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

অন্যদিকে, প্লাস ও প্রো গ্রাহকদের জন্য চালু করা হচ্ছে আরও উন্নত জিপিটি-৫.৬ সল মডেল। ওপেনএআইয়ের দাবি, নতুন এই মডেল প্রশ্নের উত্তর দেওয়া, ওয়েব গবেষণা, লেখা, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার মতো দৈনন্দিন কাজে আরও দ্রুত, সংক্ষিপ্ত ও নির্ভরযোগ্য ফল দেবে।

এ ছাড়া প্লাস ও প্রো ব্যবহারকারীরা ‘থিংকিং স্লাইডার’ নামে নতুন একটি সুবিধা পাবেন। এর মাধ্যমে কাজের ধরন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা গভীরভাবে বিশ্লেষণ করবে, তা ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন।

ওপেনএআই আরও জানিয়েছে, চ্যাটজিপিটিতে ব্যবহৃত জিপিটি-৫.৬ সল মডেলটি কোডেক্স এবং ওয়ার্ক পণ্যে ব্যবহৃত সংস্করণ থেকে আলাদা।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, নতুন মডেলগুলোর তথ্যগত নির্ভুলতা আগের জিপিটি-৫.৫ ইনস্ট্যান্ট সংস্করণের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তাদের দাবি, জিপিটি-৫.৬ লুনা মডেলে তথ্যগত ভুলের হার ৬২ শতাংশ এবং জিপিটি-৫.৬ সল মডেলে ৬৮ শতাংশ পর্যন্ত কমেছে।

আরও পড়ুন
Web-Image

সুখবর দিল ফেসবুক

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫.৬ সল ইতোমধ্যে প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে জিপিটি-৫.৬ লুনা, সীমাহীন টেক্সট চ্যাট এবং ‘থিংক’ বাটন ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে চালু করা হবে।

আরটিভি/এসকে