images

আবহাওয়া

শৈত্যপ্রবাহ যেসব জেলায় অব্যাহত থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ , ০৫:৪২ পিএম

দেশের রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, আর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকায় বৃহস্পতিবার (৮জানুয়ারি) সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থা অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি বর্তমানে ‘গভীর নিম্নচাপ’ হিসেবে অবস্থান করছে এবং এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে বিরাজ করছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরটিভি/এসকে