images

আবহাওয়া

৩ বিভাগে কালবৈশাখীর আভাস, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৩:৩৪ পিএম

দেশের তিন বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা আবহাওয়ার এ পরিবর্তনের পেছনে ভূমিকা রাখছে।

সোমবার (২৩ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন
jhor

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পালাশ জানিয়েছেন, বুধবার (২৫ মার্চ) সকাল ৮টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

আরটিভি/এসকে