images

আবহাওয়া

দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ০৯:৪৪ এএম

দেশের সাতটি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এসব অঞ্চলে কালবৈশাখী ধরনের ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দর এলাকাগুলো সাময়িকভাবে ঝড়ের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, বুধবার রাতে প্রকাশিত সারাদেশের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন
RAIN

দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরটিভি/এসকে