images

আবহাওয়া

সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ১০:৪৯ পিএম

সারা দেশে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে বুধবার (৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, শুক্রবার (১০ এপ্রিল) থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যেতে পারে। এরপর আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে গত দুই দিন ধরে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা দ্রুত কমে এসেছে। ফলে বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ বিরাজ করছে না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে তা মৃদু তাপপ্রবাহ,  ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ আর ৪২ ডিগ্রির বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

এদিকে আবহাওয়ার এ পরিবর্তনে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও, টানা বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও জলাবদ্ধতা ও জনভোগান্তির আশঙ্কাও রয়েছে।

আরটিভি/এসকে