মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৮:৫০ এএম
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। নতুন বছরের প্রথম দিনে রাজধানীর ভোরের আকাশে মেঘের আনাগোনা থাকলেও গরমের দাপট অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পহেলা বৈশাখ, মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি স্বস্তি দেওয়ার চেয়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়িয়ে দিতে পারে, যার ফলে গরমের অনুভূতি আরও বাড়বে।
তিনি বলেছেন, সোমবার (১৩ এপ্রিল) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজও একই থাকতে পারে। ফলে উৎসবের দিনটিতে নগরবাসীকে ভ্যাপসা গরমের অস্বস্তি মোকাবিলা করতে হবে।
এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহের সতর্কতা অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আপাতত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বৈশাখী মেলা ও নানা সাংস্কৃতিক আয়োজনে যারা বাইরে বের হবেন, তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা। তীব্র রোদ ও গরম থেকে বাঁচতে পর্যাপ্ত পানি ও পানীয় পান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত রোদ এড়িয়ে চলা এবং ছাতা ব্যবহারের কথা বলা হয়েছে যাতে উৎসবে বের হওয়া মানুষজন অসুস্থ হয়ে না পড়েন।
আরটিভি/টিআর