বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৫:০৪ পিএম
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
সংস্থাটি জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এই বৃষ্টিপাতের প্রবণতা সৃষ্টি হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের ফলে তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে এবং স্বস্তি ফিরতে পারে জনজীবনে।
আরটিভি/এসকে