বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০১:০১ পিএম
দেশে টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর গত দুদিন ধরে বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও কালবৈশাখী ও শিলাবৃষ্টিও হয়েছে। তবে এই ঝড়বৃষ্টির ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে দেশের বিভিন্ন নদীবন্দরের জন্য ১ ও ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি এবং বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও বলা হয়েছে।
তবে এই বৃষ্টিপাতের ধারা আগামী ২ মে পর্যন্ত অব্যাহত থাকলেও এরপর তা কমে গিয়ে আবার তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও, বৃষ্টি কমে গেলে আবার গরম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আরটিভি/এসকে